স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিতের নির্দেশ তারেক রহমানের
ছবি: সংগৃহীত
১০:৪৪ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির পক্ষ থেকে বিদ্রোহী প্রার্থী যাতে না থাকে এবং একক প্রার্থী নিশ্চিত করতে তৃনমূলের নেতাদের নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বর্তমান যে গ্যাস-বিদ্যুতের সংকট চলছে, তা দূর করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় বগুড়া জেলা, থানা ও সিটি করপোরেশনের সভাপতি-সাধারণ সম্পাদক ও জেলার সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসেন তারেক রহমান। এ সময় তিনি উপস্থিত নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এই বৈঠক রাত সাড়ে ৮টার দিকে শেষ হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৈঠক শেষ হওয়ার পর বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমাদের দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য এবং মানুষের মাঝে আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে আরো ভালো ভালো কর্মসূচি নিয়ে যেতে বলেছেন আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিগত সময়ে আমরা কতটুকু অবহেলিত ছিলাম, এই ছয় মাসে কতটুকু ডেভলপমেন্ট করেছি, এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার কথা তিনি বলেছেন। আর আমাদের নিজেদের (দলের) মধ্যে ছোটখাটো সমন্বয়হীনতা থাকলে তা দূর করে সমন্বয় করে কাজ করতে বলেছেন।
মো. মোশারফ হোসেন বলেন, পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে, একক প্রার্থীকে সামনে রেখে কাজ করতে বলেছেন। অচিরেই আমাদের স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে।
সেখানে আমাদের সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই তাগিদ আমাদের চেয়ারম্যান দিয়েছেন।
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলার সভাপতি মো. মাফতুন আহমেদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, বৈঠকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন ঐক্যবদ্ধভাবে করতে হবে যেকোনো উপায়ে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিদ্রোহী কোনো প্রার্থী থাকা যাবে না। কিভাবে বিদ্রোহী প্রার্থী দূর করা যায়, সবাই এক সঙ্গে করা যায়, সেটা করতে হবে।
আর সরকারের উন্নয়নগুলো জনগণের মধ্যে প্রচার করতে হবে। এখানে যে ক্রাইসিস আছে বিদ্যুৎ ও জ্বালানির এই ক্রাইসিস থাকবে না, আপনারা জনগণকে আশ্বস্ত করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই ক্রাইসিস দূর করার জন্য। বিগত সরকারের ব্যর্থ ও ভুল পদক্ষেপের কারণে এই বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট সৃষ্টি হয়েছে। এটা আমরা মোকাবেলা করছি, আমাদের প্রতি আস্থা রাখুন। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করব।
উল্লেখ্য, ধারাবাহিকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করছেন তারেক রহমান। এর আগে তিনি গত ২০ আগস্ট পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ, ১৩ আগস্ট রাজশাহী বিভাগের অন্যান্য জেলা ও মহানগর, ২০ জুলাই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন।
কেএন/এসএন