© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির গোলবন্যায় ভাসল সিএফ মন্ট্রিল, ৫ ম্যাচ পর জয়ে ফিরল মায়ামি

শেয়ার করুন:
মেসির গোলবন্যায় ভাসল সিএফ মন্ট্রিল, ৫ ম্যাচ পর জয়ে ফিরল মায়ামি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ এএম | ৩০ আগস্ট, ২০২৬
পাঁচ ম্যাচে চার হার ও এক ড্র। ইন্টার মায়ামি নিজেদের হারিয়ে যেন খুঁজছিল। অবশেষে তারা জয়ের দেখা পেল। সিএফ মন্ট্রিলের জালে গুনে গুনে সাত গোল দিলো ফ্লোরিডা ক্লাব। মেজর লিগ সকারে তাদের জয় এসেছে ৭-১ ব্যবধানে। লিওনেল মেসি ছিলেন আগুন ফর্মে। একাই করেছেন চার গোল, একটি অ্যাসিস্টও ছিল তার।

বড় ব্যবধানে জয় পেলেও মায়ামি প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিল। নু স্টেডিয়ামে তারা ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। স্বাগতিকরা শুরুতে লিড নেয়। তারপর কয়েকটি বিপজ্জনক সুযোগ তৈরি করেছিল তারা, এর মধ্যে দুটি প্রচেষ্টা পোস্টে আঘাত করে। 



২০ মিনিটে কর্নার কিক থেকে শক্তিশালী হেডে মায়ামির জার্সিতে প্রথম গোল করেন কাসেমিরো। কিন্তু মন্ট্রিল জবাব দেয় একটি গোল শোধ করে। ফ্যাবিয়ান হারবার্স ৩৭ মিনিটে সমতা ফেরান। মায়ামি দুই মিনিট পর ফের লিড নেয়। মেসির দূরপাল্লার শটে মন্ট্রিলের অরক্ষিত জালে বল জড়ায়।

বিরতি থেকে ফিরে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। মায়ামিকে তিনি ৩-১ গোলে এগিয়ে নেন ৫১ মিনিটে। ৭৯ মিনিটে লুইস সুয়ারেজ দলের চতুর্থ গোল করেন। চার মিনিট পর মেসি হ্যাটট্রিকের দেখা পান। তবুও থামেনি মায়ামি। ৮৯ মিনিটে দলের ষষ্ঠ গোল করেন আলেক্সান্দার শো। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে ফ্রি কিক থেকে চতুর্থবার মন্ট্রিলের জাল কাঁপান মেসি।

এমআর/টিএ  

মন্তব্য করুন