© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাগুরায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

শেয়ার করুন:
মাগুরায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১০ পিএম | ৩০ আগস্ট, ২০২৬
মাইক্রোবাসকে সাইড না দেওয়ার ঘটনার জেরে এক পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় মারার ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত মাগুরা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুজ্জামান নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলার শিকার মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোল রুমে কর্তব্যরত পুলিশ সদস্য ইমরান হোসেন বাদী হয়ে শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে সদর থানায় মামলাটি করেন।

মামলায় সাবেক ছাত্রদল নেতা নাঈমুজ্জামান নয়নসহ এজাহারনামীয় চারজন এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) বিকালে মাগুরা শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় মাগুরা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নাঈমুজ্জামান নয়ন পুলিশ সদস্য ইমরান হোসেনকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে বসে থাকা পুলিশ সদস্য ইমরান হোসেনকে দুই পুলিশ কর্মকর্তার সামনেই চড়-থাপ্পড় মারছেন নয়ন। একই সময়ে নিজের মোবাইল ফোনে ওই ঘটনার ভিডিও ধারণও করেন তিনি।

এর আগে নয়ন মাইক্রোবাস স্ট্যান্ড এলাকার লোকজনকে সেখানে আসার আহ্বান জানিয়ে পুলিশ সদস্য ইমরানের মোটরসাইকেলের চাবি কেড়ে নেন। 

এ সময় ঘটনাক্রমে সেখানে উপস্থিত মাগুরা সদর থানার এএসআই শরিফুল ও এএসআই মাসুদ নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে চাবি নিতে বাধা দিলে নয়নের সঙ্গে থাকা মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ওই দুই এএসআইয়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নয়ন মোটরসাইকেলে বসে থাকা ইমরানকে পরপর সজোরে দুটি থাপ্পড় মারেন।

এ ঘটনার পর খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় নাঈমুজ্জামান নয়নকে সদর থানায় নেওয়া হয়। কিন্তু কিছু সময় পর মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ বিভিন্ন নেতৃবৃন্দ থানায় উপস্থিত হয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান বলে জানা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার দুপুরে অভিযুক্ত নয়নকে আটক করে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের হাতে আটকের আগে নাঈমুজ্জামান নয়ন বলেন, ঠিকাদারি কাজ শেষে বাড়ি ফেরার পথে শহরের ঢাকা রোডের কাঁচাবাজার এলাকায় যানজটে আটকা পড়ি। সামনে থাকা ওই পুলিশ সদস্যকে বারবার হর্ন দিলেও তিনি সাইড দেননি। এ নিয়ে তার সঙ্গে তর্ক-বিতর্ক হয়। তিনি বাজে শব্দ করায় তার মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে একটি থাপ্পড় দিতে বাধ্য হয়েছি।

মাগুরা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার তাকে আদালতে উপস্থাপন করা হবে। এছাড়া মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এসএ/এসএন



মন্তব্য করুন