ইসলামকে ‘অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ’ বললেন কর্ণাটকের মন্ত্রী
ছবি: সংগৃহীত
০৫:০৯ পিএম | ৩১ আগস্ট, ২০২৬
ইসলামকে ‘অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি। তার এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। প্রধান বিরোধী দল বিজেপি ইতোমধ্যে মন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে। তাদের অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে হিন্দুধর্মকে অবমাননা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) কর্ণাটকের কোপ্পাল জেলার কুকনুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রায়ারেড্ডি ইসলামকে অত্যন্ত মানবিক ও বিজ্ঞানভিত্তিক ধর্ম হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, না জেনে অনেকেই ইসলাম নিয়ে ভুল ধারণা পোষণ করেন। এই ধর্ম মানুষকে সমাজে কীভাবে বসবাস করতে হয়, সেই শিক্ষা দেয়। সূচনাতেই মানবিকতার কথা বলায় ইসলামকে অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বলে দাবি করেন তিনি।
বক্তব্যে নিজের ধর্মচর্চা প্রসঙ্গে মন্ত্রী জানান, তিনি নিয়মিত মন্দির বা মঠে যান না, তবে বিভিন্ন ধর্মের ইতিহাস ও ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেন। এ কারণেই আব্রাহামিক ধর্মগুলোর প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে।
রায়ারেড্ডির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কঠোর সমালোচনা করে বিজেপি। দলটির নেতা ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আর অশোক কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে অশোক প্রশ্ন তোলেন, রাজ্যের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর বিশ্বাস এবং মন্দির ও মঠকে হেয় করার পরও সরকার কেন চুপ রয়েছে।
বিজেপির পক্ষ থেকে বলা হয়, রায়ারেড্ডিকে অবিলম্বে মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুখ্যমন্ত্রীকে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। বিজেপির অন্যান্য নেতারাও এই বক্তব্যকে কংগ্রেসের ‘ভোটব্যাঙ্কের রাজনীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন।
বাসবরাজ রায়ারেড্ডি পূর্বে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আর্থিক উপদেষ্টা ছিলেন এবং সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণে উচ্চশিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এমন এক সময়ে তার এই মন্তব্য সামনে এলো, যখন দুর্নীতির নানা অভিযোগে ব্যাকফুটে থাকা কংগ্রেস সরকারকে টানা নিশানা করে আসছে বিজেপি। নতুন এই ধর্মীয় বিতর্ক কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এসএ/এসএন