© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদারীপুরে ইমামের ঘরে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

শেয়ার করুন:
মাদারীপুরে ইমামের ঘরে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৯ এএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর সদর উপজেলায় একটি মসজিদের ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরের বেড়া উড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মসজিদের ইমামের থাকার জন্য নির্মিত টিনশেড ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত ও কিছু অংশ উড়ে যায়। তবে ওই সময় ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের পাশের একটি ঘরে থাকতেন ইমাম মাওলানা মোহাম্মদ আকাশ হাওলাদার। অসুস্থতার কারণে গত পাঁচ দিন ধরে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার অনুপস্থিতিতে ঘরটির চাবি মসজিদের মোয়াজ্জেম মো. আলাউদ্দিন ওলিল আকনসহ কয়েকজনের কাছে রাখা ছিল।

মঙ্গলবার বিকালে হঠাৎ মসজিদের পাশে তালাবদ্ধ ওই ঘর থেকে বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে দেখা যায়, হাতবোমা বিস্ফোরণে ঘরটির টিনশেডের বেড়া উড়ে গেছে। বিস্ফোরণের শব্দে মুহূর্তের মধ্যে মসজিদের সামনে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। কীভাবে তালাবদ্ধ ঘরের ভেতরে হাতবোমাটি এলো এবং কে বা কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। জড়িতদের ধরতে মাঠে নেমেছে একাধিক টিম।

এমআর/টিএ 

মন্তব্য করুন