‘ভালোবাসা বেঁচে আছে…’, বেবি বাম্প আগলে শোভনের ‘মায়া ভরা রাত’ মনে করালেন সোহিনী
ছবি: সংগৃহীত
১০:৩৭ এএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
খুব শিগগিরি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন সোহিনী সরকার। গত জুলাই মাসে বিয়ের দ্বিতীয় জন্মদিনে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি বেলুড়ে শ্বশুরবাড়িতে জমজমাট আয়োজনে অভিনেত্রীর সাধভক্ষণের অনুষ্ঠানও পালন করা হয়।
যে ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে অনুরাগীরাও শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন হবু মাকে। এবার বেবি বাম্প আগলে শোভনের ‘মায়া ভরা রাত’ মনে করালেন সোহিনী সরকার।
বুধবার বিকেলে সাধের অনুষ্ঠানের এক অদেখা রিল ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সেখানেই স্ফীতোদর আগলে সন্তানের অপেক্ষায় দেখা গেল অন্তঃসত্ত্বা সোহিনীকে। পরনে গাঢ় লাল রঙের শাড়ি। সিঁদুরে রাঙানো চওড়া সিঁথি। কপালে চন্দনের কলকা। মাঝে ছোট্ট টিপ।

দু’হাতে আলতায় আঁকা নকশা। সাধের দিন বিয়ের গয়না পরেই সেজেছিলেন সোহিনী। আর এহেন সাজপোশাকেই অন্তঃসত্ত্বা ‘সত্যবতী’কে দেখা গেল সযত্নে গাছ থেকে ফুল পারতে। ভালোবাসায় আগলে রেখেছেন বেবি বাম্প। নেপথ্যে বাজছে স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের গান ‘মায়া ভরা রাত’।
ক্যাপশনে ভালোবাসার বার্তা। সোহিনী লিখেছেন- ‘ভালোবাসা বেঁচে আছে এই পৃথিবীতে’। আসলে ক্যাপশনের এহেন কেতাদুরস্ত শব্দও শোভনের গানের কথা থেকেই ধার করা। সোহিনীর এহেন রিল ভিডিওর মন্তব্যবাক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ বা মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরুর জন্য শোভন-সোহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এফআর/টিএ