নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের
ছবি: সংগৃহীত
১২:০২ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য চুরি করার সময় বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে নেওয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
মধ্যরাতে রিভার্স রাজ্যের ওক্রিকা স্থানীয় সরকার এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে। সেখানে একটি জাহাজে রপ্তানির জন্য পেট্রোলিয়াম পণ্য তোলা হচ্ছিল বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনের বেশি তরুণ কাঠের নৌকায় করে ওই এলাকায় যান। তারা জাহাজে পেট্রোলিয়াম পণ্য তোলার জন্য ব্যবহৃত স্থাপনার একটি পাইপলাইনে অবৈধভাবে সংযোগ দেওয়া জায়গা থেকে পণ্য চুরি করার চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নৌকায় পেট্রোলিয়াম পণ্য তোলার সময় হঠাৎ ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন ঘটনাস্থলেই জ্ঞান হারান। কয়েকজন নদীতে পড়ে যান এবং ডুবে মারা গেছেন বলে জানা গেছে।
নদীতে কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। এ ছাড়া আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি পরিবেশ ও মানবাধিকার সংগঠন। রিভার্স রাজ্য পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ঘটনার পুরো বিষয় জানতে তদন্ত চলছে। তিনি বলেন, ঘটনার ভয়াবহতা ও প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।
নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস বলেন, নিহত ব্যক্তিরা একটি পাইপলাইনে অবৈধভাবে সংযোগ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য পেট্রোলিয়াম পণ্য বহনকারী জাহাজে পণ্য সরবরাহ করা হয়। ফাইনফেসের ভাষ্য, তরুণেরা অপেক্ষমাণ নৌকাগুলোতে পেট্রোলিয়াম পণ্য তুলছিলেন। একই সময় পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পেট্রোলিয়াম পণ্য পাঠানো হচ্ছিল। এতে সেখানে থাকা লোকজন বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন। তিনি বলেন, নদীতে কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। এ ছাড়া আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন।
রিভার্স রাজ্যের এই ঘটনা নাইজেরিয়ার তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে তেল চুরি ও অবৈধভাবে তেল সংগ্রহের ঝুঁকি আবারও সামনে এনেছে। নাইজার ডেল্টায় দীর্ঘদিন ধরে অপরিশোধিত তেল চুরি, অবৈধভাবে তেল পরিশোধন এবং পেট্রোলিয়াম পণ্য অবৈধভাবে পরিবহনের ঘটনা ঘটে আসছে। এসব ঠেকাতে রিভার্স ও আশপাশের রাজ্যগুলোতে নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, গত এপ্রিল মাসে তারা ১০টি অবৈধ তেল পরিশোধন কেন্দ্র ধ্বংস করেছে। এসব অভিযানে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম রাজ্যে তেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এসব অভিযানে ১ লাখ ৩০ হাজার লিটারের বেশি চুরি করা অপরিশোধিত তেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া যানবাহনে ব্যবহারের জন্য রাখা ২৬ হাজার লিটারের বেশি ডিজেলও উদ্ধার করা হয়। এরপর গত ২৮ আগস্ট নাইজেরিয়ার নৌবাহিনী রিভার্স রাজ্যে দুটি অবৈধ তেল পরিশোধন কেন্দ্র ধ্বংস করার কথা জানায়। ওই অভিযানে অবৈধভাবে পরিশোধন করা হয়েছে বলে সন্দেহ করা ৩৪ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
কেএন/টিএ