চট্টগ্রামে হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২)। তিনি চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের একটি অংশের কাছে ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাসায় থাকা টাকা ও তার ব্যবহৃত দুটো মোবাইলও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, মরদেহের গলায় চিকন চিহ্নের দাগ, মুখে রক্ত এবং জিহ্বা বের হওয়া অবস্থায় পাওয়া গেছে। মৌসুমী দীর্ঘদিন ধরে ওই কলোনিতে একা বসবাস করতেন এবং হিজড়া সম্প্রদায়ের একটি গ্রুপের প্রধান হিসেবে তাদের দেখাশোনা করতেন। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে নিজ কক্ষে ঘুমাতে যান মৌসুমী। পরদিন সকালে ঘরের দরজা খোলা পেয়ে পরিচিতরা ভেতরে গিয়ে তাকে নিথর অবস্থায় বিছানায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে পুলিশকে খবর দেয়া হয়।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম বলেন, ‘খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ এবং এতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
একেএস/টিএ