© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়েকে ছেড়ে দূরে থাকা বাবার জন্য কষ্টের, জন্মদিনে আবেগঘন ইমরান

শেয়ার করুন:
মেয়েকে ছেড়ে দূরে থাকা বাবার জন্য কষ্টের, জন্মদিনে আবেগঘন ইমরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৭ এএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৬
আমেরিকায় কনসার্ট ট্যুরে গিয়ে পরিবার ছাড়া জন্মদিন উদযাপন করলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ৫ সেপ্টেম্বর ছিল এই গায়কের জন্মদিন। বিশেষ এই দিনটিতে পরিবার থেকে অনেক দূরে অবস্থান করলেও ভক্ত, সহকর্মী ও প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। 

জন্মদিনের দিনে যুক্তরাষ্ট্রের অর্ল্যান্ডোতে আয়োজিত ‘ফোবানা’ কনভেনশনে গান পরিবেশন করেন ইমরান। পরদিন লস অ্যাঞ্জেলেসেও ফোবানার আরেকটি শো রয়েছে তার। জন্মদিনের শো এবং প্রবাসে কাটানো অনুভূতি নিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন এই তারকা।




পরিবার ছাড়া জন্মদিন কাটানোর কষ্ট প্রকাশ করে ইমরান লেখেন, ‘পরিবার থেকে দূরে থেকে জন্মদিন কাটানোটা সহজ নয়। বিশেষ করে আমার ছোট্ট মেয়ে ইনায়াকে ছেড়ে আজ এত দূরে বসে থাকতে একটু বেশিই কষ্ট লাগছে। তবে আপনাদের ভালোবাসা, সারপ্রাইজ আর শুভকামনা সেই কষ্টটা অনেকটাই ভুলিয়ে দিয়েছে।’

তিনি আরও জানান, এই জন্মদিনেই নিজের মেয়েকে পাওয়ার সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই দিনটি তার কাছে আরও বেশি বিশেষ। তবে সেই মেয়েকে কাছে না পেয়ে একজন বাবার জন্য দূরে অবস্থান করাটা বেশ কষ্টের।

প্রবাসে থাকা সত্ত্বেও সহশিল্পী ও আয়োজকদের কাছ থেকে বিশেষ সারপ্রাইজ পেয়েছেন ইমরান। নিজের ব্যান্ড ‘কিংস’-এর সদস্যসহ জনপ্রিয় সংগীতশিল্পী কণা, জায়েদ খান, সুরকার ইমন সাহা, নির্মাতা এস এ অলক ও ‘ফোবানা’র আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরিবার থেকে দূরে থেকেও সেখানে নতুন এক পরিবার খুঁজে পেয়েছেন বলে উল্লেখ করেন এই শিল্পী।

দেশের ভক্ত ও বন্ধুদের শুভেচ্ছার জবাব দিয়ে ইমরান লেখেন, ‘শো-এর প্রচণ্ড ব্যস্ততা আর চাপের মাঝেও সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। হয়তো সবার মেসেজের উত্তর একসঙ্গে দিতে পারছি না, কিন্তু প্রতিটি ভালোবাসা আমার কাছে পৌঁছেছে।’

বর্তমানে প্রায় ২০টি কনসার্ট নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ঘুরে বেড়াচ্ছেন ইমরান মাহমুদুল। প্রবাসের ব্যস্ত সূচির মাঝেও ভক্তদের ভালোবাসা ও প্রার্থনায় তিনি নিজেকে সুখী মনে করছেন বলে জানান।

এফআর/টিএ

মন্তব্য করুন