© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেট্রোরেলের ৪৬ পিয়ারে ফাটল, ২৭টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

শেয়ার করুন:
মেট্রোরেলের ৪৬ পিয়ারে ফাটল, ২৭টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৬
মেট্রোরেল রুটের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল বা ক্র্যাক শনাক্ত হয়েছে। একই সঙ্গে ২৭টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতীয় সংসদে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি তুলে ধরা হয়।

মন্ত্রী জানান, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে মোট ৭৩০টি বেয়ারিং প্যাড পর্যালোচনা করেছে সেফটি অডিট কমিটি। এর মধ্যে ১৪৭টিতে ছোটখাটো ত্রুটি পাওয়া গেছে। আরও ২৯৭টি বেয়ারিং প্যাডে স্থাপন ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত ত্রুটি শনাক্ত হয়েছে।

তবে সব ত্রুটিকে গুরুতর হিসেবে দেখছে না কর্তৃপক্ষ। অডিটে ২৭টি বেয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটলের অস্তিত্ব পাওয়া গেছে।এসব ত্রুটি মোকাবিলায় সেফটি অডিট কমিটির সুপারিশ অনুযায়ী কাজ শুরু হয়েছে বলে জানান শেখ রবিউল আলম।

তিনি বলেন, বেয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে, এমন ১০টি স্থানে ইতোমধ্যে স্টিল ব্র্যাকেট বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ২৭টি বেয়ারিং প্যাডের অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণে সেটেলমেন্ট মার্কারও স্থাপন করা হয়েছে।

ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত ২৭টি বেয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী।

এছাড়া ৪৬টি পিয়ারে শনাক্ত ফাটলের ঝুঁকি নিরূপণ এবং প্রয়োজনীয় মেরামত কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

মেট্রোরেলের স্থাপনায় থাকা ফাটলগুলোর পরিমাপ ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ স্থাপনের কাজও চলছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


এমআই/এসএন  


মন্তব্য করুন