র্যাবের মতো সংগঠন দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর
ছবি: সংগৃহীত
০৭:০৯ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে র্যাবের মতো একটি সংগঠন অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান রহমান বাবর। দক্ষতা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে এ ধরনের বাহিনীর কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের প্রসঙ্গ তুলে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘বিরোধী দলের সদস্যরা অতি ইমিডিয়েট সমস্যাগুলো দেখতেছেন। বিগত ১৫ বছরের দুঃশাসন, সেটাই উনাদের চোখের সামনে আছে। কিন্তু এর পূর্বে যে অতীত সরকার, যখন বিরোধী দলে ছিলেন উনারা, সেই ট্রাম্প কার্ড তখনকার সময় জলিল সাহেব বলেছিলেন, ১৭ আগস্ট যে সিরিজ বোমা হামলা হয়েছিল, বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদের ধরা হয়েছিল, চাঁদাবাজ এবং বিভিন্ন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে র্যাব কাজ করেছে এবং প্রতিটা সফলতার সময় বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছিল। আমার মনে হয়, সেটা আমাদের সম্মানিত বিরোধী দলের সদস্যরা ভুলে গেছেন।’
তিনি বলেন, ‘র্যাবের মতো একটা সংগঠন এই দেশের অত্যন্ত প্রয়োজন। এই কারণে প্রয়োজন অত্যন্ত দক্ষতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে র্যাবের কার্যক্রম পরিচালনা করা। সেই সময়কালে তখনকার প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, এবং তার নির্দেশে কোনো রাজনৈতিকভাবে র্যাবকে পরিচালিত করা হয়নি।’
র্যাব পরিবর্তনের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে বেশ কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যখন কথা হয়েছিল, উনি তখন বলেছিলেন র্যাবকে পরিবর্তন করতে হবে। কিন্তু আমি উনার সঙ্গে অনেকক্ষণ আর্গুমেন্ট করেছিলাম যে পরিবর্তন করাটা ঠিক হবে না। পরবর্তীতে আমার সঙ্গে উনার কথা হয়নি। কিন্তু আমি বুঝি, র্যাবের মতো একটা সংগঠন দরকার।’
র্যাবের পরিবর্তে এসআরবি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বাবর বলেন, ‘হয়তো র্যাবের পরিবর্তে এসআরবি নামে যে সংগঠনটা আসছে, সেটা প্রয়োজন। কারণ এখনো বিভিন্ন বোমা হামলা হচ্ছে। বিভিন্ন বোমা আসছে। আপনারা দেখছেন, আমাদের পার্শ্ববর্তী যেকোনো একটি দেশ বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং অতীতেও করেছিল। এই কারণে র্যাবের মতো একটা সংগঠন প্রয়োজন।’
বিরোধী দলের নেতাদের আশ্বস্ত করে বাবর বলেন, ‘আপনাদের বিরোধী দল নেতাদের আমি আশ্বস্ত করতে চাই। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে আশ্বস্ত করেছেন যে এই এসআরবিকে এই সংগঠনটা হওয়া প্রয়োজন, দেশের জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে।’
তিনি আরও বলেন, ‘অনেক কিছু আছে, যেটা রাষ্ট্রের নিরাপত্তার গভীরতার স্বার্থে আমি হয়তো বলতে পারছি না। কিন্তু এটা অত্যন্ত প্রয়োজন।’
বিরোধীদলীয় সদস্যদের উদ্দেশে বাবর বলেন, ‘এই মুহূর্তে আপনারা এটাকে এলাও করেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন, পরবর্তী সময়ে উনাদের পক্ষ থেকে যদি কোনো কারেকশন থাকে, সেটা উনি এভ্যালুয়েট করে দেবেন।’
এমআই/এসএন