ব্রিকস সম্মেলনভারতে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন
ছবি: সংগৃহীত
০৭:৫৬ এএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে নয়াদিল্লি পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই পুতিনের প্রথম সশরীরে ব্রিকস সম্মেলনে যোগদান।
বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট ও হরমুজ প্রণালিতে অবরোধের মতো বৈশ্বিক পরিস্থিতিতে আয়োজিত এই সম্মেলনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য ও শুল্কনীতিও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
সফরের প্রথম দিন পুতিন ‘ব্রিকস বিজনেস ফোরাম’-এর বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। বৈঠক শেষে দুই নেতা যৌথভাবে ‘ইনোপ্রম’ শিল্প প্রদর্শনী পরিদর্শন করবেন। দ্বিপক্ষীয় আলোচনায় প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি ও ওষুধশিল্পসহ নানা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ প্রাধান্য পাবে।
আগামী ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ব্রিকসের মূল শীর্ষ সম্মেলন। ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে সদস্য দেশগুলো তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করবে। পরদিন রোববার অনুষ্ঠিত হবে ব্রিকসের সম্প্রসারিত বৈঠক, যেখানে আমন্ত্রিত দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা যোগ দেবেন।
সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে পুতিনের বৈঠকের কথা থাকলেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক বৈঠক থাকছে না।
এবারের সম্মেলনে চীন, ইরান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।
এই সম্মেলনে বিমসটেক সভাপতি হিসেবে বাংলাদেশকে ভারত আমন্ত্রণ জানালেও তা প্রত্যাখ্যান করেছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বা সরকারের কাউকে আমন্ত্রণ না জানানোয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
সূত্র: ইন্ডিয়া টুডে
কেএন/টিএ