ভারতের কাছে হেরে ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের
ছবি: সংগৃহীত
১০:৩৪ এএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আগে ব্যাট করে ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করতে সক্ষম হয়।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই স্মৃতি মান্ধানার উইকেট হারায় ভারত। এরপর শেফালি ভার্মা ও প্রতিকা রাওয়াল দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। ভারতের ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন শেফালি। ৪০ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংসে তিনি ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকান।
প্রতিকা ২৪ বলে ২০ রান করেন। শেষ দিকে রিচা ঘোষের ১৬ বলে ২১, দীপ্তি শর্মার ৬ বলে ১৩ এবং অধিনায়ক হারমানপ্রীত কৌরের অপরাজিত ২৮ বলে ২৪ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান সংগ্রহ করে ভারত।
বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ২টি উইকেট নেন। এ ছাড়া নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার একটি করে উইকেট শিকার করেন।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় জুটি গড়ে ওঠেনি। জুয়াইরিয়া ফেরদৌস ১৮ বলে ১৪, দিলারা আক্তার ২৬ বলে ২১ এবং সোবহানা মোস্তারি ২৪ বলে ১৮ রান করেন।
অধিনায়ক নিগার সুলতানা ১৭ বলে ১৯ রান করে ফেরেন। এরপর শর্ণা আক্তার ১৮ বলে অপরাজিত ২২ রান করে কিছুটা লড়াই করেন। ফাহিমা খাতুন করেন ১৪ বলে ১৪ রান। তবে নির্ধারিত ২০ ওভারে ১০৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন দীপ্তি শর্মা। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনি ৩টি উইকেট নেন। নন্দিনী শর্মা ২ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। শ্রী চরণী ও প্রেমা রাওয়াত নেন একটি করে উইকেট।
শেষ পর্যন্ত ৪০ রানের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। আর সেমিফাইনালে হেরে নারী এশিয়া কাপের এবারের আসর থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে।
কেএন/টিএ