বুকে শেহনাজের ট্যাটু, ভক্তের কাণ্ডে চমকে গেলেন অভিনেত্রী
ছবি: সংগৃহীত
০৯:৩৫ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
প্রিয় তারকার প্রতি অনুরাগীদের ভালোবাসার বহিঃপ্রকাশে কতটা ভিন্নতা থাকতে পারে, তারই নজির মিলল ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের এক ভক্তের কাণ্ডে। প্রিয় অভিনেত্রীর মুখের ছবি বুকে ট্যাটু করিয়েছেন ওই অনুরাগী।
শুধু তা-ই নয়, সেই ট্যাটু দেখাতেই শেহনাজের সামনে হাজির হন তিনি। বিষয়টি দেখে রীতিমতো চমকে যান অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই অনুরাগীর সঙ্গে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন শেহনাজ। এ সময় তার বুকের ট্যাটুটি চোখে পড়ে অভিনেত্রীর।
কৌতূহলী হয়ে শেহনাজ প্রশ্ন করেন, ‘তুমি এই ট্যাটুটা কেন করালে?’ জবাবে ওই অনুরাগী বলেন, ‘আমি আপনার ভক্ত।’ তখন শেহনাজ বলেন, ‘আমি জানি তুমি আমার ভক্ত, কিন্তু…’। অবশ্য কথা শেষ করার আগেই অন্যদিকে মন চলে যায় অভিনেত্রীর। পরে ওই অনুরাগীকে ধন্যবাদ জানান তিনি, এমনকি তার হাতও ধরেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর শেহনাজের ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। একজন নেটাগরিক লিখেছেন, ‘এর আগে হাতে ট্যাটু করিয়েছিল। তখন শেহনাজ বলেছিলেন, ‘যা করেছ ঠিক আছে, খুব ভালো। কিন্তু হৃদয়ে আর ট্যাটু করিও না।’ কিন্তু উনি দেখছি শেহনাজের কথা একটাও শোনেননি।’ অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘এক সময় শেহনাজ নিজে (করণ) আউজলার ট্যাটু করিয়েছিলেন। আর আজ মানুষ শেহনাজের ট্যাটু করাচ্ছে।’
আরেকজনের মন্তব্য, ‘কী সুন্দর এবং সাহসী একটি পদক্ষেপ! শেহনাজ সত্যিই ভাগ্যবতী।’ সব মিলিয়ে ওই অনুরাগীর কাণ্ডে স্পষ্ট, শেহনাজের প্রতি তার ভালোবাসা কতটা গভীর।
এদিকে শেহনাজের সাম্প্রতিক সিনেমা ‘সিং ভার্সেস কৌর ২’ গত শুক্রবার, ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। খবর অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম দিনে ছবিটি ৩৫ লাখ রুপি আয় করেছে। এখন সপ্তাহান্তে ছবিটি বক্স অফিসে কেমন ব্যবসা করে, সেটিই দেখার।
এসএ/এসএন