© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৯২ হাজার দর্শকে পাঞ্জাবি গানে লন্ডন মাতালেন দিলজিৎ

শেয়ার করুন:
৯২ হাজার দর্শকে পাঞ্জাবি গানে লন্ডন মাতালেন দিলজিৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এক রাতেই পাঞ্জাবি গানের তালে মাতল লন্ডন। হাজারো দর্শকের উচ্ছ্বাস, গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ আর চারপাশে উৎসবের আবহ সব মিলিয়ে তৈরি হলো স্মরণীয় এক সন্ধ্যা। একক কনসার্টে প্রায় ৯২ হাজার দর্শকের উপস্থিতিতে বিশ্বমঞ্চে ফের নিজের দাপট দেখালেন দিলজিৎ দোসাঞ্ঝ। এই কনসার্টেই টেইলর সুইফট ও এড শিরানকে ছাড়িয়ে গেলেন তিনি।

গত শনিবার (১২ সেপ্টেম্বর)লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামেএকক কনসার্ট করেন দিলজিৎ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সেই রাতে উপস্থিত ছিলেন প্রায় ৯২ হাজার দর্শক। এর মধ্য দিয়ে প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে ওয়েম্বলিতে একক কনসার্টে এমন বিপুল দর্শক সমাগমের নজির গড়েছেন তিনি।

২০২৪ সালে ওয়েম্বলিতে টেইলর সুইফটের ‘দ্য এরাস ট্যুর’-এর প্রতিটি শোতে প্রায় ৮৯ হাজার দর্শক উপস্থিত ছিলেন। সেই হিসাবে দিলজিতের কনসার্টে দর্শক ছিল প্রায় ৩ হাজার বেশি।

এড শিরানের ক্ষেত্রে ব্যবধান আরও বেশি। ২০১৮ ও ২০২২ সালে ওয়েম্বলিতে তার কনসার্টগুলোতে দর্শক উপস্থিতি ছিল প্রায় ৮০ থেকে ৮৪ হাজার। ফলে দিলজিতের ৯২ হাজার দর্শকের উপস্থিতি তার ওই একক শোগুলোর তুলনায়ও বেশি।

তবে ওয়েম্বলির সর্বকালের সর্বোচ্চ কনসার্ট উপস্থিতির রেকর্ড দিলজিতের নয়। ২০১৭ সালে অ্যাডেল এক রাতে প্রায় ৯৮ হাজার দর্শক টেনেছিলেন। তাই দিলজিতের ৯২ হাজার দর্শকের উপস্থিতি বড় মাইলফলক হলেও এটিকে ওয়েম্বলির সর্বোচ্চ রেকর্ড বলা যাবে না।

দিলজিতের এই সাফল্য অবশ্য এক দিনের নয়। ২০২৪ সালের ‘দিল-লুমানাটি’ ট্যুর ভারতজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ট্যুর থেকে প্রায় ৯৪৩ কোটি রুপি আয় হয়েছিল বলে জানা যায়।

ওয়েম্বলির কনসার্টে ছিল পাঞ্জাবি সংস্কৃতির ছোঁয়াও। দর্শকদের জন্য বিনামূল্যে ঐতিহ্যবাহী পাঞ্জাবি পাগড়ি বাঁধার ব্যবস্থা করেছিলেন আয়োজকেরা। গান, উন্মাদনা আর সংস্কৃতির মেলবন্ধনে দিলজিতের ওয়েম্বলি শো তাই হয়ে উঠেছে বিশেষ এক আয়োজন।

এসএ/এসএন


মন্তব্য করুন