© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোনালদোর প্রত্যাবর্তন ম্লান করে আল নাসরকে ৪-০ গোলে উড়িয়ে দিল আল আইন

শেয়ার করুন:
রোনালদোর প্রত্যাবর্তন ম্লান করে আল নাসরকে ৪-০ গোলে উড়িয়ে দিল আল আইন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১১ এএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের নতুন মৌসুমে দারুণ সূচনা করেছে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন। ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরকে ৪-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে আল আইনের হয়ে জোড়া গোল করেন হুসেইন রহিমি। একটি করে গোল করেন তার ভাই সোফিয়ান রহিমি ও জর্জোস ইয়াকুমাকিস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল আল আইন। আলেহান্দ্রো রোমেরোর দারুণ পাস থেকে হুসেইন রহিমির শট পোস্টে লেগে ফিরে আসে।

এরপর আল নাসরও সুযোগ তৈরি করে। ১৭ মিনিটে কর্নার থেকে ইনিগো মার্তিনেজের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আল আইন গোলরক্ষক খালিদ ঈসা।

তবে ২৫ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। আল নাসরের ডিফেন্ডার সাদ আল নাসেরের ভুল ব্যাকপাস ধরে বল কেড়ে নেন হুসেইন রহিমি। এরপর গোলরক্ষক নাওয়াফ আল আকিদির পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি।



প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আল নাসর। কর্নার থেকে মোহাম্মদ সিমাকানের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর অধিনায়ক রোনালদোও অফসাইডে পড়ে সুযোগ হারান।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে আল আইন। ৬৩ মিনিটে আবারও গোল করেন হুসেইন রহিমি। ডান দিক থেকে রোমেরোর ক্রসে প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান তিনি।

এরপর ৭২ মিনিটে ব্যবধান আরও বাড়ান তার ভাই সোফিয়ান রহিমি। রোমেরোর পাস থেকে ডান পায়ের শটে আল নাসরের জালে তৃতীয়বার বল পাঠান তিনি।

ম্যাচের শেষ মুহূর্তে ৮৫ মিনিটে আল আইনের চতুর্থ গোল আসে। সোফিয়ানের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর নিচু শটে গোল করেন ইয়াকুমাকিস।

আল নাসরের হয়ে পুরো ম্যাচে মাঠে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি। ফলে আল আইনের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় সৌদি ক্লাবটিকে।

একেএস/ টিএ



মন্তব্য করুন