© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মক্কার কাছে ড্রোন, গভীর উদ্বেগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
মক্কার কাছে ড্রোন, গভীর উদ্বেগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৪ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সৌদি আরবের মক্কার কাছে একটি ড্রোন প্রতিহত করার খবরে সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে এমন কর্মকাণ্ড এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে আনোয়ার বলেন, ‘মক্কা আল-মুকাররামার কাছে একটি ড্রোন প্রতিহত করার খবর গভীর উদ্বেগের সঙ্গে দেখছি।’

তিনি বলেন, ইসলামের পবিত্রতম শহরের নিরাপত্তা ও পবিত্রতার জন্য যে কোনো ধরনের হুমকির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মক্কার বাসিন্দা ও হজযাত্রীদের সুরক্ষায় সৌদি আরব দ্রুত পদক্ষেপ নেওয়ায় দেশটির প্রতি গভীর কৃতজ্ঞতাও জানান তিনি।

আনোয়ার বলেন, এ ঘটনা অঞ্চলটিতে উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকানোর প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে। বেসামরিক স্থাপনায় হামলা এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত সংযম দেখানো এবং দেরি না করে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়া।

এর আগে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেনের হুতি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন মক্কার কাছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। তবে ড্রোনটি উৎক্ষেপণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।

জোটের মুখপাত্র তুরকি আল-মালকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ড্রোনটি প্রতিহত করা হয়। মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ধ্বংস করা হয়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ শহরটির দক্ষিণে গিয়ে পড়ে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমআই/এসএন

মন্তব্য করুন