জাতিসংঘ অধিবেশন কাভারে নিউইয়র্কে যাচ্ছেন মোজো এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ
ছবি: সাব্বির আহমেদ
০১:০৩ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন (UNGA) পেশাগতভাবে কাভার করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম বাংলাদেশ টাইমসের মোবাইল জার্নালিজম (মোজো) এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ। বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ মঞ্চে আধুনিক স্মার্টফোন প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও স্মার্ট ওয়্যারেবল ডিভাইসের সমন্বয়ে দর্শকের মোবাইল স্ক্রিনে হাজির করবেন তিনি।"
অধিবেশন চলাকালে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব, প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ, বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সাইডলাইন মিটিংগুলো মোবাইল প্রযুক্তির মাধ্যমে সরাসরি ও দ্রুততম সময়ে পাঠকদের সামনে তুলে ধরতে চান সাব্বির আহমেদ।
মোজো এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ বলেন,
"গতানুগতিক ভারী সম্প্রচার সরঞ্জামের বাইরে সম্পূর্ণ মোবাইল ইকোসিস্টেম ব্যবহার করে মাঠ থেকে তাৎক্ষণিক শুট, এডিট ও প্রকাশনার মাধ্যমে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়াই এই কাভারেজের মূল লক্ষ্য।"
দেশে মোবাইল সাংবাদিকতা (মোজো) ধারণার সূচনা ও বিকাশের অন্যতম পথিকৃৎ সাব্বির আহমেদ। প্রায় এক দশক আগে যখন প্রচলিত সংবাদমাধ্যমের ভিড়ে মোবাইল দিয়ে সাংবাদিকতা করা চ্যালেঞ্জিং ছিল, তখন থেকেই তিনি এককভাবে মোবাইল ডিভাইসের মাধ্যমে শুট, এডিট ও পাবলিশিংয়ের কাজ শুরু করেন। ২০২১ সালে বাংলাদেশ টাইমসকে দেশের প্রথম পূর্ণাঙ্গ মোবাইলভিত্তিক নিউজ স্টেশনে রূপান্তরের প্রক্রিয়ায় তিনি ‘লিড মোবাইল জার্নালিস্ট’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে দেশের গণমাধ্যমে প্রথমবারের মতো ‘মোবাইল জার্নালিজম এডিটর-ইন-চিফ’ হিসেবে দায়িত্ব পান তিনি।
দেশে মোবাইল সাংবাদিকতায় এআই (AI) টুলসের সমন্বয় এবং মেটা স্মার্টগ্লাস (Meta Glass) ব্যবহারের মাধ্যমে কনটেন্ট তৈরির ক্ষেত্রে তিনি অন্যতম অগ্রদূত।
বাংলায় মোবাইল সাংবাদিকতার প্রথম পূর্ণাঙ্গ নির্দেশিকা বই হিসেবে সমাদৃত ‘সোশ্যাল মোবাইল জার্নালিজম’-এর সহ লেখক তিনি।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাব এবং সাংবাদিক সংগঠনগুলোতে প্রশিক্ষক হিসেবে কাজ করে তিনি সহস্রাধিক সংবাদকর্মীকে মোবাইল সাংবাদিকতায় দক্ষ করে তুলেছেন।
সাংবাদিকতা ও প্রযুক্তি চর্চার পাশাপাশি তিনি বর্তমানে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশন কাভার প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, "বিশ্ব কূটনীতির সবচেয়ে বড় মঞ্চে মোবাইল প্রযুক্তি ও এআই টুলের মাধ্যমে তাৎক্ষণিক ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য। বৈশ্বিক পরিমণ্ডলে দেশের অবস্থান এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দ্রুততম সময়ে দর্শক ও পাঠকের মোবাইল স্ক্রিনে তুলে ধরতে বাংলাদেশ টাইমস বরাবরের মতোই উদ্ভাবনী ধারা বজায় রাখবে।"
মূলধারার সাংবাদিকতার পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাব্বির আহমেদের রয়েছে শক্ত অবস্থান। তাঁর জনপ্রিয় ফেসবুক পেজ 🔗Sabbir live-এ বর্তমানে যুক্ত রয়েছেন ১৫ লাখেরও (১.৫ মিলিয়ন) বেশি অনুসারী। ফেসবুকের পাশাপাশি ইউটিউব ও টিকটকে তাঁর তথ্যবহুল ও উদ্ভাবনী মোজো কনটেন্ট নিয়মিত দেখেন লাখো দর্শক।
টিএ/