ধর্ষণচেষ্টার মিথ্যা মামলায় নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৯:৪০ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ঝিনাইদহে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলা খারিজের পর বাদী বিউটি খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় করা পাল্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন। গ্রেপ্তার বিউটি খাতুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে।
আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহের চরমুরারিদহ গ্রামের একটি জমি নিয়ে বিউটি খাতুনের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে বিউটি খাতুন মিরাজ জামান রাজের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় করা হয়।
তবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আদালত মামলাটি খারিজ করে দেন। এরপর ব্যবসায়ী মিরাজ জামান রাজ বাদী হয়ে বিউটি খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় পাল্টা মামলা করার জন্য পিটিশন দাখিল করেন। পিটিশনটির নম্বর ৯১/২০২৬।
আদালত পিটিশনটি আমলে নিয়ে বিউটি খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
মিরাজ জামান রাজ বলেন, দীর্ঘদিন ধরে বিউটি খাতুনের সঙ্গে তার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয় বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি এবং মামলাটি খারিজ হয়েছে। এরপর তিনি পাল্টা মামলা করেছেন।
মিরাজ জামান রাজের দাবি, মিথ্যা অভিযোগে মামলা করে তাকে হেনস্তা ও সামাজিকভাবে মানহানি করা হয়েছে। তার বিরুদ্ধে করা মামলার তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে হয়েছে বলেও জানান তিনি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিউটি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমআই/এসএন