একদম নিখরচায় নিউইয়র্ক সিটির সেরা ২৫টি জায়গা!
ছবি: সংগৃহীত
০২:৫৫ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
পকেটের টাকা না খসিয়েই নিউ ইয়র্ক ভ্রমণ কিভাবে করা যায়? —বিশ্বের অন্যতম ব্যস্ত, ব্যয়বহুল ও স্বপ্নের এক মহানগরী নিউইয়র্ক। যেখানে হোটেল ভাড়া থেকে শুরু করে সাধারণ খাবারের দামও আকাশচুম্বী। তবে পর্যটকদের জন্য আশার বিষয় হলো, বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় এই শহরটি উপভোগ করতে সবসময় লাখ লাখ টাকা খরচ করতে হয় না। একটু পরিকল্পনা জানা থাকলে কোনো প্রবেশমূল্য ছাড়াই নিউ ইয়র্কের প্রাণবন্ত রূপ উপভোগ করা সম্ভব।
শহরের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে নিউ ইয়র্কের উন্মাদনা অনুভব করতে ভোরবেলা চলে যেতে পারেন বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ারে। দিনের ব্যস্ততা শুরুর আগে নির্জন টাইমস স্কয়ার এক অন্যরকম অনুভূতি দেয়। এরপর ইট-পাথরের জঙ্গল থেকে স্বস্তি পেতে ঘুরে আসুন ম্যানহাটনের ফুসফুস খ্যাত সুবিশাল সেন্ট্রাল পার্কে। সেখানে লেকের ধার, সবুজ ঘাস কিংবা মেঠোপথ ধরে হেঁটে বেড়াতে কোনো টিকিট লাগে না।
নিউ ইয়র্ক যাবেন আর ব্রুকলিন ব্রিজ দিয়ে হাঁটবেন না, তা কী করে হয়! সকালের মৃদু আলো কিংবা রাতের মোহময় বাতিঝলমলে স্কাইলাইনের দৃশ্য দেখতে দেখতে এই ব্রিজ পার হওয়া যেকোনো পর্যটকের জন্যই স্মরণীয় অভিজ্ঞতা। এছাড়া স্ট্যাচু অব লিবার্টিকে কাছ থেকে দেখার চমৎকার একটি কৌশল হলো স্ট্যাটেন আইল্যান্ড ফেরি; এই নৌভ্রমণটি সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যায়।
শুধু প্রাচীন নিদর্শনই নয়, আধুনিক স্থাপত্য দেখতে আপনি ঘুরে আসতে পারেন ভাসমান পার্ক লিটল আইল্যান্ড, পরিত্যক্ত রেলপথকে রূপান্তর করে বানানো নান্দনিক উদ্যান হাই লাইন, কিংবা দৃষ্টিজুড়ানো পরিবহন হাব ওকুলাস। স্মৃতি আর শ্রদ্ধায় ভারী পরিবেশ পেতে রয়েছে ৯/১১ মেমোরিয়াল।
এর বাইরেও রয়েছে ঐতিহাসিক গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, ব্রায়ান্ট পার্ক, সুবিশাল পাবলিক লাইব্রেরি কিংবা মে থেকে অক্টোবর মাসে পিয়ার ৯৬-এ বিনামূল্যে কায়াকিং করার অভিজ্ঞতা। সব মিলিয়ে, খরচের ভয় দূরে সরিয়ে রেখে চোখ-কান খোলা রাখলেই নিউ ইয়র্ক আপনাকে তার রূপ মেলে ধরবে একদম নিখরচায়।
টিএ/