টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান
ছবি: সংগৃহীত
১০:৩৪ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয়বার হ্যাটট্রিক করে অভিজাত ক্লাবে নাম লিখলেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয়ে তিনি পরপর তিনটি উইকেট তুলে নেন।
কেনসিংটন ওভালে শাদাব ১৬ রান খরচায় নেন চার উইকেট। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স ৭৬ রানে অলআউট করে আমাজন ওয়ারিয়র্সকে। তারপর ৫.২ ওভারে ম্যাচটি জিতে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
১ উইকেটে ৪১ রান করেছিল পাওয়ার প্লেতে। তারপর বিস্ময়কর ধসে ৩.১ ওভারের মধ্যে ৯ রানে ৮ উইকেট হারায় আমাজন। অষ্টম ওভারে গ্লেন ফিলিপস ও মোহাম্মদ হারিসকে ফেরান পাকিস্তান স্পিনার সুফিয়ান মুকিম। পরের ওভারে শাদাব তার দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান।

এই লেগস্পিনার প্রথমে শিমরন হেটমায়ারকে থামান। তারপর মেহেদী হাসান মিরাজ ও কুয়েন্টিন স্যাম্পসনকে আউট করেন শাদাব।
তাতে এই স্পিনার দ্বিতীয় পাকিস্তানি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে একাধিক হ্যাটট্রিকের মালিক হন। ২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। শাদাবের আগে সাবেক পাকিস্তান পেসার মোহাম্মদ সামি তিনটি হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন।
সিপিএল ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন শাদাব। ২০১৭ সালে প্রথম হ্যাটট্রিক হয়েছিল আফগানিস্তান স্পিনার রশিদ খানের, তারপর পরের বছর আন্দ্রে রাসেল।
এমআর/টিএ