© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় নিজেদের বাড়ির পাশে দাফন হবে অপ্রতিমের

শেয়ার করুন:
কুমিল্লায় নিজেদের বাড়ির পাশে দাফন হবে অপ্রতিমের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) কুমিল্লা কোটবাড়ি গন্ধমতি এলাকায় নিজ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হবে। আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে শেষ বিদায় দেওয়া হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে কুমিল্লা কোটবাড়ি গন্ধমতি এলাকায় অপ্রতিমদের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

উপাচার্য বলেন, নিহত অপ্রতিমের দাদার বাড়ি কুষ্টিয়ায়। নানার বাড়ি চাঁদপুরে। কুমিল্লা কোটবাড়ি গন্ধমতি এলাকায় যে বাড়িতে তারা থাকতেন সেটি তাদের নিজেদের করা বাড়ি। অপ্রতিমের জন্ম হয়েছিল এখানেই। সে বড়ও হয়েছে এই গন্ধমতি এলাকায়। তাই তার পরিবারের ইচ্ছায় বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হবে তাকে।

তিনি আরও বলেন, আগামীকাল রোববার সকাল ১০টায় অপ্রতিমের জানাজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। জানাজা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে সাড়ে ১০টায় তাকে দাফন করা হবে।

এর আগে ময়নাতদন্ত শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে অপ্রতিমের মরদেহ আনা হয় কোটবাড়ি গন্ধমতি এলাকায়। তার মরদেহ আনার পর শেষবার একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। দুপুর থেকে পুরো এলাকাজুড়ে যে শোকের মাতম তৈরি হয়েছে সেটি রাতেও অব্যাহত আছে।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম নামের এক কিশোর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান সে। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি সে। পরে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামের একজনকে আটক করেছে পুলিশ। বিকেলে আনাস নামের আরও একজনকে আটক করেছে এসআরবি। ধারণা করা হচ্ছে আইফোনটি নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

এমআই/টিএ


মন্তব্য করুন