© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

শেয়ার করুন:
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৯ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
২০২৪ সালের ৫ জুলাই। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেন মিফতাহ জামান। যার গান শুনে বছরের পর বছর মুগ্ধতায় ডুব দিয়েছিল শ্রোতারা; সেই শিল্পীকে প্রথমবার বড় পরিসরে সরাসরি শোনার সুযোগ পায় তারা। অপূর্ব সে কনসার্টে শ্রোতাদের সঙ্গে মিফতাহ নিজেও হয়েছিলেন তৃপ্ত।

সে সময়ই মিফতাহ জানিয়েছিলেন, এরকম একক কনসার্ট নিয়মিত করবেন। কিন্তু তার মধ্যেই দেশে রাজনৈতিক পট পরিবর্তনে কেটে গেছে লম্বা সময়। ছিল মিফতাহর নিজেরও ব্যস্ততা। অবশেষে দুই বছর পর একক কনসার্ট নিয়ে ফিরছেন ‘চির অধরা’ শিল্পী।

২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে মিফতাহর একক কনসার্ট ‘অতঃপর অধরা’। বিকাল ৫টা নাগাদ শুরু হবে শো।

মাঝখানে বাকি মোটে চারদিন। এখন তাই প্র্যাক্টিসে ব্যস্ত রয়েছেন শিল্পী ও তার সতীর্থরা। মিফতাহ জামান বলেন, ‘এই শো নিয়ে আমরা খুবই এক্সাইটেড। গত শোয়ের পর যে তৃষ্ণা ছিল, সময়ের সঙ্গে সেটা আরো বেড়ে গেছে। দর্শকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য মুখিয়ে আছি। এবার ভেন্যু শিল্পকলায়; বলা যায় সিলেক্টিভ অডিয়েন্সের জন্য। কেআইবির চেয়ে কিছুটা ছোট পরিসরে। তবে আমরা ভীষণ এক্সাইটেড। এবার নতুন কিছু গানও পারফর্ম করব। পাশাপাশি আগের গানগুলোও থাকবে। পুরো টিম সিরিয়াসলি প্র্যাক্টিস করে যাচ্ছি। আশা করছি, দারুণ একটা শো হবে।’  

এরই মধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। ভিআইপি (নিচের গ্যালারি) টিকিটের দাম ১ হাজার ২০০ টাকা, আর রেগুলার (ওপরের গ্যালারি) টিকিট ৯০০ টাকা করে। তবে কোনো কাগুজে টিকিট থাকছে না, পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে ডিজিটালি। পেমেন্ট সম্পন্ন করে টিকিট সংগ্রহের তথ্য মিলবে শিল্পীর ফেসবুক পেজে।

জানা গেছে, বিশেষ এই কনসার্টে মিফতাহ শোনাবেন তার বিখ্যাত ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’, ‘প্রাপ্তিশূন্য’র মতো গানগুলো। সঙ্গে থাকবে তার কণ্ঠে নতুনভাবে জনপ্রিয় হওয়া পুরনো দিনের ‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’, ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’ গানগুলোও।

উল্লেখ্য, প্রায় দুই দশক ধরে সমকালীন ও ধ্রুপদী সংগীতে নিজস্ব ছাপ রেখে চলেছেন মিফতাহ জামান। এখনো নিয়মিত নতুন গান বেঁধে চলেছেন এই শিল্পী। গত বছর প্রকাশ করেছেন ইপি অ্যালবাম ‘এক পশলা বৃষ্টি’। এ বছরও একাধিক সিঙ্গেল গানও প্রকাশ করেছেন অন্তর্জালে।

এফআর/টিএ

মন্তব্য করুন