রাজশাহীর রেশম শিল্পের হারানো ঐতিহ্য ফেরানোর দাবিতে মানববন্ধন
০২:৫৩ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজশাহীর রেশম শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি রেশম কারখানার কার্যক্রম সম্প্রসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাচীনকাল থেকেই রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত। রেশম শিল্পের সঙ্গে তুঁত চাষ, পলু পালন, রেশম গুটি ও সুতা উৎপাদন, তাঁত বয়ন, রং ও ছাপার কাজসহ বিভিন্ন পর্যায়ের কর্মসংস্থান জড়িত। বিশেষ করে তৃণমূলের নারী ও পরিবারগুলো এ শিল্পের বিভিন্ন ধাপে যুক্ত থেকে আর্থিকভাবে লাভবান হতে পারে।
তারা অভিযোগ করেন, বর্তমানে সরকারি রেশম শিল্পের বিকাশ ও সম্প্রসারণে অবহেলা ও উদাসীনতা রয়েছে। স্থানীয় নার্সারিগুলোর যথাযথ পরিচর্যা হচ্ছে না এবং পলু পালনের পরিমাণও কমেছে। রাজশাহীতে অবস্থিত সরকারি রেশম কারখানাটি আধুনিকায়নের পরও পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় শিল্পটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, সীমিত পরিসরে শতভাগ রেশম বস্ত্র উৎপাদন হলেও এর প্রচার ও বিপণন কার্যক্রম পর্যাপ্ত নয়। রাজশাহী রেশম কারখানার বিক্রয়কেন্দ্রের কার্যক্রম আরও জোরদার করে দেশব্যাপী রেশমপণ্যের প্রচার বাড়াতে হবে। একই সঙ্গে দুর্গাপূজাসহ বিভিন্ন উৎসব ও সরকারি-বেসরকারি পর্যায়ে উপহার হিসেবে দেশীয় রেশমপণ্য ব্যবহারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে রেশম শিল্পকে তৃণমূলের নারী ও নিম্নআয়ের পরিবারের কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। একই সঙ্গে সব সেরিকালচার নার্সারিতে পলু পালন, গুটি উৎপাদন এবং রেশম সুতা উৎপাদনের কার্যক্রম চালুর আহ্বান জানানো হয়।
বক্তারা রেশম শিল্পের উন্নয়নে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডকে পুনর্গঠন ও কার্যকর করার দাবি জানান। পাশাপাশি রাজশাহীর রেশম কারখানার জমি ও সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান আলম, সদস্য সচিব কলামিস্ট শাহ মো. জিয়াউদ্দিন, পরিবর্তনের নির্বাহী পরিচালক সাংবাদিক রাশেদ রিপন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ হেমব্রোম, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রুফাপের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বরেন্দ্র অঞ্চলের সিনিয়র সাংবাদিক হাসান মিল্লাত, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহাবুব, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, আজম খান কাবিল, রেজাউল করিম রাজু, সাংবাদিক তৈয়বুর রহমান, আদিবাসী ছাত্র পরিষদের সাগর কুমার সিং, বীর মুক্তিযোদ্ধা কে এম ইয়াসিন আলী, সাংবাদিক রফিক আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমআর/টিএ