ট্রলারদের বিরুদ্ধে সালমানের কাণ্ড দেখে ঋত্বিকের ব্যঙ্গাত্মক পোস্ট
ছবি: সংগৃহীত
০৮:২৫ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের চেহারা ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষ নতুন কিছু নয়। এবার সেই ট্রলিং সংস্কৃতি নিয়ে সরব হলেন বলিউড অভিনেতা সালমান খান। ‘বিগ বস’-এর মঞ্চে ট্রোলারদের উদ্দেশে নিজের শরীর নিয়েই কথা বলার পাশাপাশি পোশাক খুলে বর্তমান শারীরিক গঠন দেখান তিনি। সালমানের সেই বক্তব্য ও কাণ্ড এবার উঠে এসেছে কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে।
চলতি সপ্তাহের ‘বিগ বস’-এর ‘উইকেন্ড কা বার’ পর্বে ট্রলিং প্রসঙ্গে কথা বলেন সালমান। গত সপ্তাহে নিজের অনুসারীদের সালমানকে ট্রোল করার আহ্বান জানিয়েছিলেন স্কাউট। পরে সালমানের সামনে বিষয়টি নিয়ে ক্ষমাও চান তিনি।

এরপরই ট্রলিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন সালমান। কাউকে নিয়ে কটাক্ষ করার প্রয়োজন কেন, মানুষ কেন অন্যকে নিয়ে মন্তব্য করতে এত আগ্রহী—এমন প্রশ্ন করেন তিনি। নিজের উদাহরণ দিয়ে অভিনেতা বলেন, তাকেও নিয়মিত শুনতে হয়, তিনি নাকি মোটা হয়ে গেছেন।
কথার একপর্যায়ে নিজের টুপি খুলে ফেলেন সালমান। এরপর খুলে ফেলেন জ্যাকেট। শেষ পর্যন্ত শার্টও খুলে নিজের বর্তমান শরীর দেখান তিনি। ট্রোলারদের উদ্দেশে তার বক্তব্য ছিল, যদি তাকে নিয়ে কটাক্ষ করতেই হয়, তাহলে তাকে নিয়েই করা হোক। নিজের শরীর নিয়ে যে মন্তব্য করা হয়, সেটিই যেন প্রকাশ্যে এনে ট্রোলারদের দিকে ফিরিয়ে দেন অভিনেতা।
তবে শুধু নিজের প্রসঙ্গেই থেমে থাকেননি সালমান। অন্যকে নিয়ে মন্তব্য করার আগে নিজের দিকে তাকানোর পরামর্শ দেন তিনি। নিজের স্বাস্থ্য এবং বাবা-মায়ের স্বাস্থ্যের কথাও ভাবা উচিত বলে মন্তব্য করেন অভিনেতা। সালমানের বক্তব্যে সমর্থন জানান ‘বিগ বস’-এর প্রতিযোগীরাও। তারা জানান, সালমানকে তারা ভালোবাসেন এবং তার পাশে রয়েছেন।

সালমানের এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নিজের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছেন ঋত্বিক চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, শনি ও রোববার নিয়মিত ‘বিগ বস’ দেখেন। সালমান কীভাবে ট্রলারদের জবাব দিয়েছেন, সেটিও উল্লেখ করেন তিনি।
এরপর নিজের স্বভাবসিদ্ধ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ঋত্বিক লেখেন, তিনি কখনো ট্রলারদের ওপর রেগে গেলে তাদেরই পোশাক ও ‘লজ্জাবস্ত্র’ খুলে মন্তব্যের ঘরে জমা রাখেন।
ঋত্বিকের এই মন্তব্যে তার পরিচিত রসিকতা ও শ্লেষের ছাপ রয়েছে। সালমানের মঞ্চে ট্রোলারদের উদ্দেশে সরাসরি বার্তার পর ঋত্বিকের ব্যঙ্গাত্মক পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দুই অভিনেতা ভিন্ন ভঙ্গিতে একই ট্রোলিং সংস্কৃতিকে সামনে আনায় বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
এসএ/ টিএ