© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেণি বাঁধার পরামর্শ দিয়ে নেটদুনিয়ায় তোপের মুখে নানি

শেয়ার করুন:
বেণি বাঁধার পরামর্শ দিয়ে নেটদুনিয়ায় তোপের মুখে নানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
নারীদের চুলের সাজ ও ঐতিহ্যবাহী বেণি বাঁধার ধরন নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণী অভিনেতা নানি। কর্নাটকে তার নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় দেওয়া বক্তব্য ঘিরেই শুরু হয়েছে এই বিতর্ক।

‘দ্য প্যারাডাইস’ সিনেমায় ‘জাদাল’ নামের একটি চরিত্রে অভিনয় করছেন নানি। চরিত্রটির বিশেষত্ব তার মাথার লম্বা চুল ও বেণির ধরন। সিনেমা নিয়ে কথা বলার একপর্যায়ে নিজের চরিত্রের চুলের সাজ প্রসঙ্গে নারীদের পুরোনো বেণি বাঁধার রীতিতে ফিরে যাওয়ার পরামর্শ দেন অভিনেতা।

নানি বলেন, বর্তমানে নারীদের মধ্যে আগের মতো বেণি বাঁধার প্রবণতা তিনি দেখতে পান না। তার মতে, একসময় মায়েরা যত্ন করে মেয়েদের চুল বেণি করে দিতেন। কিন্তু সময়ের সঙ্গে মানুষ পাশ্চাত্য সংস্কৃতির দিকে বেশি ঝুঁকে পড়েছে। নিজের চরিত্রের ‘জাদাল’ চুলের ধরন নারীদের মধ্যে আবার বেণি করার চল ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত এক নারী সাংবাদিককে দেখিয়ে নানি বলেন, তিনিও বেণি করেননি। এরপর নিজের স্কুলজীবনের স্মৃতি তুলে ধরে অভিনেতা বলেন, তখন স্কুলের মেয়েদের চুল বেশ ঘন থাকত। নিয়মিত চুলে তেল দেওয়া ও বেণি করার সঙ্গে চুলের সৌন্দর্য ও ঘনত্বের সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার চরিত্রের মতো ঘন ও সুন্দর চুল পেতে নারীদের চুলে তেল দিয়ে বেণি করার পরামর্শও দেন নানি।

তবে নানির এমন মন্তব্যের পর কথোপকথনের দিক বদলে দেন সাংবাদিকরা। এক নারী সংবাদকর্মী মনে করিয়ে দেন, শুধু নারীরাই নন, বর্তমানে পুরুষদের মধ্যেও লম্বা চুল রাখার প্রবণতা বেড়েছে। পরে আরেক সাংবাদিক রসিকতা করে বলেন, সিনেমার প্রয়োজনে পরচুলা ব্যবহার না করে নানি নিজেই যদি এত লম্বা চুল রাখতেন, তাহলে হয়তো নারীরা তার পরামর্শ শুনতেন। এ কথা শুনে হেসে ফেলেন অভিনেতা।

আলোচনার একপর্যায়ে ওই সাংবাদিক আরও বলেন, বর্তমান সময়ে ব্যস্ততার কারণে নারীদের অনেকেরই চুল পরিচর্যা ও বেণি করার মতো পর্যাপ্ত সময় থাকে না। বিষয়টি শেষ পর্যন্ত মেনে নেন নানি।

তবে সাংবাদিকদের সঙ্গে নানির এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় বিতর্ক। কেউ কেউ পুরো ঘটনাটিকে হালকা আড্ডা হিসেবে দেখলেও অনেকে নারীদের চুল ও জীবনযাপন নিয়ে অভিনেতার মন্তব্যের সমালোচনা করেন। কয়েকজন ব্যবহারকারী মন্তব্য করেন, নারীরা কীভাবে চুল রাখবেন বা সাজবেন, সে বিষয়ে পুরুষদের এভাবে পরামর্শ দেওয়া অপ্রয়োজনীয়।

আবার কেউ কেউ বেণি বাঁধার ক্ষেত্রে সময়, ধৈর্য ও অভ্যাসের বিষয়টি তুলে ধরেছেন। অনেকে চুলের ক্ষতি বা চুল পড়ার পেছনে ঘরের পানির মান, বিশেষ করে কঠিন পানির প্রভাবের কথাও উল্লেখ করেছেন। ফলে নানির মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এদিকে ‘দ্য প্যারাডাইস’ সিনেমায় নানির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কায়াদু লোহার, মোহন বাবু ও রাঘব জুয়াল। শ্রীকান্ত ওদেলা পরিচালিত সিনেমাটি আগামী ২৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

এসএ/এসএন

মন্তব্য করুন