নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
০৭:৩২ এএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ রয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অতীতে দেখা গেছে সরকার প্রধানগণ শতাধিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিতেন। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পরিসরে একটি প্রতিনিধি দল নিয়ে এই প্রথম জাতিসংঘ যাচ্ছেন। এত ছোট প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সফর এই প্রথম।
জানা গেছে, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ছোট পরিসরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। বিশিষ্ট ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম।
প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে মন্ত্রিসভার ৫ জন সদস্য, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মিলে ৭ জন সদস্য রয়েছেন। প্রতিনিধি দলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিনিধি দলের তালিকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নাম থাকলেও তিনি সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে সভাপতিত্ব করবেন।
প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, রেহান আসিফ আজাদ, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসিফ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি তানভীর শাহরিয়ার গনি, ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার ও সাইমুম পারভেজ ও বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের চেয়ারম্যান রুমি এম হোসেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান, যুক্তরাষ্ট্র দূত তারেক মো. আরিফুল ইসলামও প্রতিনিধি হিসেবে রয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরের সদস্যদের যে তালিকা প্রকাশ হয়েছে তাতে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি, প্রধানমন্ত্রী কার্যালয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ প্রতিনিধি দলের সদস্য মোট সংখ্যা ৩৮ জন।
এমআই/এসএন