© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দেশে সিংহ, বিদেশে বিড়াল’, অভিষেক-বৈভবকে নিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার

শেয়ার করুন:
‘দেশে সিংহ, বিদেশে বিড়াল’, অভিষেক-বৈভবকে নিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ এএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
দেশের মাটিতে ব্যাট হাতে ঝড় তোলেন। বোলারদের ওপর চালান রীতিমতো তাণ্ডব। কিন্তু দেশের বাইরে গেলেই সেই আগ্রাসী ব্যাটিংয়ে কিছুটা ভাটা পড়ে। ভারতের দুই তরুণ ব্যাটার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীকে নিয়ে এমনই পর্যবেক্ষণ সাবেক ভারতীয় অলরাউন্ডার সন্দীপ পাটিলের। আর তাদের বর্তমান পরিস্থিতি বোঝাতে গিয়ে দিয়েছেন বেশ মজার এক উপমা- ‘দেশে সিংহ, বিদেশে বিড়াল!’

অভিষেক ও বৈভব দুজনকেই প্রতিভাবান ও ভয়ংকর ব্যাটার হিসেবে প্রশংসা করেছেন পাটিল। তবে বিদেশের মাটিতে বল একটু সুইং করলেই দুজনকে সমস্যায় পড়তে দেখা গেছে বলে মনে করেন তিনি। তাই এই জায়গাটিতে দুজনকেই আরও কাজ করার পরামর্শ দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।

এক সাক্ষাৎকারে পাটিল বলেন, ‘অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর ব্যাটিং নিয়ে একটি কথা বলতে চাই। ভারত থেকে বাইরে গিয়ে যখন বল একটু নড়াচড়া করেছে, তখন আমরা দেখেছি তারা কিছুটা সমস্যায় পড়েছে। এই দুই তরুণকেও বিষয়টিতে মনোযোগ দিতে হবে এবং কাজ করতে হবে। দেশে সিংহ, বিদেশে বিড়াল- এটা হওয়া উচিত নয়।’



ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে অভিষেক পাঁচ ম্যাচে ১৩১ রান করেছিলেন। বৈভবের আন্তর্জাতিক অভিষেকও হয় সেই সিরিজে। তিন ম্যাচে তিনি করেন ৪২ রান। অর্থাৎ দেশের মাটিতে যে ভয়ংকর ব্যাটিংয়ের ঝলক তারা দেখান, ইংল্যান্ডে সেটি পুরোপুরি দেখা যায়নি।

তবে বিদেশের মাটিতে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে আবার এসেছে বদলের ইঙ্গিত। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জেতে ভারত। সিরিজসেরা হন বৈভব। ফাইনালে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

এরপর আফগানিস্তানের বিপক্ষেও দারুণ ছন্দে ফেরে ভারত। তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের শেষ ম্যাচে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন অভিষেক শর্মা।

অভিষেকের এমন বিধ্বংসী ইনিংসে অবশ্য অবাক হননি পাটিল। বরং আধুনিক ক্রিকেটে তরুণদের ভয়ডরহীন ব্যাটিংয়ের প্রশংসাই করেছেন তিনি। পাটিল বলেন, ‘আমি মোটেও অবাক হইনি। অভিষেক সেঞ্চুরি করেছে এবং ভারত ছয় ওভারে ১০০ রান করেছে। এটা প্রথমবার কি না, শেষবার কি না, কিংবা আবার কবে এমন হবে- আমি জানি না। তবে তাদের কৃতিত্ব দিতেই হবে।’


এমআই/এসএন  



মন্তব্য করুন