রাষ্ট্রপতির সঙ্গে জবি উপাচার্যের সাক্ষাৎ, সমাবর্তন নিয়ে সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত
০৫:৫৮ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
দীর্ঘ অপেক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত এই সমাবর্তন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ সময় সমাবর্তনের আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উপাচার্যের সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
সাক্ষাৎকালে আগামী ৩০ জানুয়ারি সমাবর্তন আয়োজনের তারিখটি পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্বিতীয় সমাবর্তন সামনে রেখে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন কমিটি ও দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
এর আগে গত ২৩ আগস্ট জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানিয়েছিলেন, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৭ সালের ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তনের জন্য খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের গ্র্যাজুয়েটরা। এবার দিনক্ষণ নিশ্চিত হওয়ায় সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
সমাবর্তনের তারিখ ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক গ্র্যাজুয়েটদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আগ্রহ। দীর্ঘদিন পর আয়োজিত দ্বিতীয় সমাবর্তন ঘিরে এখন মূল প্রস্তুতি অনুষ্ঠানকে ঘিরে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য, নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাবর্তন আয়োজন করা।
টিএ/