এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
ছবি: সংগৃহীত
০৯:৫১ এএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম পাটোয়ারী।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরিয়ম খাতুনের মরদেহ সোমবার রাত ১২টার দিকে ঢাকা থেকে সড়কপথে গাবুরায় পৌঁছায়। এর আগেই স্থানীয়ভাবে তার দাফনের জন্য কবর প্রস্তুত করা হয়। পরে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী গোসল ও জানাজা শেষে রাত পৌনে ১টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা ও দাফনে মরিয়ম খাতুনের পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি স্থানীয় বিপুলসংখ্যক মানুষ এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার স্বজনরা।
উল্লেখ্য, মরিয়ম খাতুন গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। মামলার পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এফআর/এসএন