গোপালগঞ্জে মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত
ছবি: সংগৃহীত
১২:৩২ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও অজ্ঞাত কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাসের চাপায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
জানা যায়, বুধবার সকালে ঢাকাগামী 'ওয়েকাম পরিবহন' (ঢাকা মেট্রো ব-১২-৪০৭৯) বাসের সঙ্গে গোপালগঞ্জগামী অজ্ঞাত একটি কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে থাকা পথচারী আকরাম বিশ্বাস বাসের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও অজ্ঞাত কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে ওই পথচারী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
এফআর/টিএ