বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় দেশে সংকট শুরু: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
০১:২৪ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় দেশে সংকট শুরু বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরেই দেশে সংকট শুরু হয়েছে। বিরোধীদল ২টি শপথ নিলেও সরকার নিয়েছে একটি শপথ। তাদের এই অপনীতির কারণে দেশে সংকট শুরু।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
শফিকুর রহমান বলেন, দেশের চলমান সমস্যা এবং জনভোগান্তি নিয়ে বিরোধী দল সংসদে আলোচনা করতে চাইলেও সরকারি দল সেগুলো অনুমোদন দেয় না।
বাংলাদেশ বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ সমস্যার কারণে বিদেশিদের বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকার বলেছিল দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু হচ্ছে তার বিপরীতটা। কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে বেকারত্ব বাড়ছে।
বিরোধীদলীয় এ নেতা বলেন, দেশে সমস্যা না কমে একের পর এক সমস্যা বেড়ে চলছে।
আরআই/টিএ