© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যেখানেই বড় প্রজেক্ট, সেখানেই বড় দুর্নীতি: এমপি সরওয়ার

শেয়ার করুন:
যেখানেই বড় প্রজেক্ট, সেখানেই বড় দুর্নীতি: এমপি সরওয়ার

ছবি: সংগৃহীত

সোয়াইব আলী, মোবাইল জার্নালিস্ট
০৪:১২ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
যেখানেই বড় বড় উন্নয়ন প্রজেক্ট নেওয়া হয়েছে, সেখানেই জড়িয়ে রয়েছে বড় ধরনের দুর্নীতি। আর এই অপরাধের মূল সূত্রপাত ঘটে রাজনীতি থেকেই। তাই অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে রাজনৈতিক সচেতনতার পাশাপাশি গণমাধ্যমকে জোরালো ভূমিকা পালন করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী এডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার।

আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে 'বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)' এর উদ্যোগে “অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম এর ভূমিকা” শীর্ষক এই সভার আয়োজন করা হয়। 

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের (বিসিআরসি) সহ-সভাপতি ও দৈনিক ভোরের সম্পাদক এস. এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বিগত সরকারের কর্মকাণ্ড ও অবকাঠামোগত দুর্নীতির তীব্র সমালোচনা করে বলেন, “যেখানেই বড় প্রজেক্ট, সেখানেই বড় দুর্নীতি।” নির্মিত অবকাঠামোর মান নিয়ে সংশয় প্রকাশ করে তিনি সতর্কতার সাথে বলেন, “আওয়ামী লীগ যদি কোনো ব্রিজ করে থাকে, তাহলে সাবধানে যাবেন, নাহলে ভেঙে পড়তে পারেন।”

রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারের কথা তুলে ধরে তিনি বলেন, “অপরাধের সূত্রপাত রাজনীতি থেকেই আসে। জনগণের ভোটাধিকার হরণের কারণেই মূলত আওয়ামী লীগের পতন হয়েছে।” দেশের জাতীয় ইতিহাসের ধারাবাহিকতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট করে বলেন, “৭১-কে বাদ দিয়ে জুলাই-আগস্ট হতে পারে না; ১৯৭১ সালের ইতিহাস কখনো মুছে যেতে পারে না।”

বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর জাতিসংঘের দেওয়া বক্তব্য স্মরণ করে দেন এবং দেশকে অপরাধ ও দুর্নীতিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরিশেষে, দুর্নীতি দমনে দেশের সকল স্তরের মানুষের সক্রিয় সমর্থন চেয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

এর আগে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল দৈনিক ভোরের ও অগ্রণী বার্তা। আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসএন 

মন্তব্য করুন