থানার দরজা ভেঙে ‘ভুয়া’ স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কিশোর
ছবি: সংগৃহীত
০১:৩৬ এএম | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে দিনভর সন্দেহভাজন হিসেবে ২৮জন কিশোরকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে আসাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে থানার দরজা ভেঙে বেরিয়ে যায় ২২কিশোর। এদিকে থানার সামনে ওইসব কিশোর ও তাদের অভিভাবকদের একটি হট্টগোলের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
অভিভাবকরা জানান, আটক কিশোরদের মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে পুলিশের অপরাধসংক্রান্ত রেকর্ড খাতায় কোনো অভিযোগ নেই। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেল থেকে আটক কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজন দাউদকান্দি মডেল থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানার একটি কক্ষে আটক রাখা কিশোরদের কয়েকজন একপর্যায়ে ওই কক্ষের চেয়ার-টেবিল ও দরজা ভেঙে বের হয়ে যায়। পরে আটক কিশোরদের একটি অংশ থানার সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে।
অভিযানে নেতৃত্ব দেওয়া সদস্যদের ভাষ্যমতে ধৃত সকলেই কিশোর গ্যাংয়ের সদস্য। তাই তাদের আটক করে থানায় আনা হয়।
এদিকে ঘটনাস্থলে এসে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম হ্যান্ডমাইকে বক্তব্য দিয়ে উত্তেজিত জনতাকে শান্তের চেষ্টা করেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম রাত পৌনে ১২টায় দিকে বলেন, তেমন কিছু হয়নি। অপ্রয়োজনে ঘুরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮জনকে আটক করা হয়। তাদের স্বজনরা এক সাথে আসলে একটু ভিড় হয়। রাত সাড়ে ১০দিকে ২২জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৬জনকে যাছাই বাছাই চলছে।
এমআর/টিএ