© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিসবাহ’র ‘দ্রুততম সেঞ্চুরি’র রেকর্ড ভাঙলেন শাহজাদ

শেয়ার করুন:
মিসবাহ’র ‘দ্রুততম সেঞ্চুরি’র রেকর্ড ভাঙলেন শাহজাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৪ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবি টেস্টে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের তৎকালীন অধিনায়ক মিসবাহ-উল-হক। যা ছিল দেশটির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতায় মিসবাহ’র সেই রেকর্ড ভেঙেছেন ২২ বছর বয়সী ব্যাটার মুহাম্মদ শাহজাদ।

ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্টস ট্রফির তৃতীয় রাউন্ডের প্রথম দিনে কিংসমেন একাডেমির বিপক্ষে পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) হয়ে নেমেছিলেন তিনি। ৬২ বলে ১১৪ রানের ইনিংস সাজিয়েছেন ১২টি চার ও আটটি ছক্কায়। এর আগে শাহজাদ সেঞ্চুরি পূর্ণ করতে খেলেছেন মাত্র ৪৯ বল। যা প্রথম শ্রেণিতে পাকিস্তানের কোনো ক্রিকেটারের দ্রুততম ম্যাজিক ফিগার।

এ নিয়ে প্রথম শ্রেণির ২১তম ম্যাচের ক্যারিয়ারে শাহজাদের ষষ্ঠ সেঞ্চুরি করেছেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে পিটিভি যখন ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে, তখন ক্রিজে আসেন তিনি। এরপর মোহাম্মদ তাহার সঙ্গে গড়েন ১৪৩ রানের জুটি। শাহজাদ সেঞ্চুরি পেলেও তাহা আউট হয়েছেন ৪৩ রান।

এখন পর্যন্ত শাহজাদ ২২টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ২৬টি টি-টোয়েন্টিও খেলেছেন। ২০২৫ মৌসুমে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়েছিল তার। ওই আসরে খেলেন ছয়টি ম্যাচ। তবে ৪ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে কিছুই করতে পারেননি শাহজাদ।

এদিকে, ২০১৪ সালে স্মরণীয় ইনিংসের মাধ্যমে মিসবাহ টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করে ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডসের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। দুই বছর পর সেই রেকর্ডও ভেঙে দেন নিউজিল্যান্ডের তৎকালীন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন। সেটাই এখনও টেস্টে দ্রুততম শতক।

এফআর/এসএন

মন্তব্য করুন