জাতিসংঘে ‘ইউনিভারসাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
১১:৫৫ এএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘে দেওয়া ভাষণে দেশের সব সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুফল যেন বিশ্ববাসী সমানভাবে পায়, সে লক্ষ্যে জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে দেশে ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ডের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি ও বিজ্ঞানের নতুন যুগে প্রবেশ করছে। প্রযুক্তি দ্রুত এগিয়ে গেলেও এর সুযোগ এখনো সবার জন্য সমান নয়।
বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী ও ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা নতুন সম্ভাবনা তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, এই সম্ভাবনা কাজে লাগাতে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার নাগালের মধ্যে আনতে হবে।
তারেক রহমান বলেন, আমরা চাই না, আজকের ডিজিটাল বিভাজন আগামী দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভাজনে পরিণত হোক।
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই এ সংকটের একমাত্র সমাধান।
সূত্র: ইউএনবি
আরআই/টিএ