হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
০৯:০১ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
হলিউডের জনপ্রিয় অভিনেতা, র্যাপার ও চলচ্চিত্র প্রযোজক উইল স্মিথের জন্মদিন আজ। ১৯৬৮ সালের ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ও সংগীতে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন এই তারকা।
আশির দশকের শেষ দিকে ‘দ্য ফ্রেশ প্রিন্স’ নামে র্যাপার হিসেবে সংগীতজগতে ক্যারিয়ার শুরু করেন উইল স্মিথ। পরে নব্বইয়ের দশকের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ফ্রেশ প্রিন্স অব বেল-এয়ার’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি।

টেলিভিশনের পর বড় পর্দায়ও দ্রুত নিজের অবস্থান তৈরি করেন উইল স্মিথ। ‘ব্যাড বয়েজ’, ‘ইন্ডিপেনডেন্স ডে’, ‘ম্যান ইন ব্ল্যাক’, ‘আলি’ ও ‘দ্য পারস্যুট অব হ্যাপিনেস’-এর মতো সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার অভিনীত বেশ কিছু সিনেমা ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দর্শক-সমালোচকদের প্রশংসাও পেয়েছে।
বিশেষ করে জুলাই মাসে মুক্তি পাওয়া তার একাধিক সিনেমা বক্স অফিসে সাফল্য পাওয়ায় হলিউডে উইল স্মিথ ‘মিস্টার জুলাই’ নামে পরিচিতি পান।
অভিনয়ের পাশাপাশি সংগীতেও সাফল্য পেয়েছেন এই তারকা। সংগীতজীবনে একাধিক গ্র্যামি পুরস্কার অর্জন করেছেন তিনি। ২০২২ সালে ‘কিং রিচার্ড’ সিনেমায় রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে অ্যাকাডেমি পুরস্কার জিতে ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি অর্জন করেন।
ক্যারিয়ারের নানা বাঁক পেরিয়ে উইল স্মিথ এখনো হলিউডের পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি তার রসবোধ, পর্দায় প্রাণবন্ত উপস্থিতি ও স্বতন্ত্র ব্যক্তিত্ব বিশ্বজুড়ে দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে রেখেছে।
এসএ/টিএ