© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন করে ইরানিরা টেবিলে রেখে যান কাসেম সোলাইমানির ছবি

শেয়ার করুন:
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন করে ইরানিরা টেবিলে রেখে যান কাসেম সোলাইমানির ছবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৫ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ শুরুর সময় ইরানের জন্য নির্ধারিত টেবিলে রাখা ছিল প্রয়াত সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির একটি ছবি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে নেতানিয়াহু বক্তব্য দিতে উঠলে ইরানি প্রতিনিধিরা অধিবেশনকক্ষ ছেড়ে যান। তবে ছবিটি সেখানেই রেখে যান তারা।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে পরিচালিত কার্যক্রমের দায়িত্বে থাকা কুদস ফোর্সের সাবেক প্রধান ছিলেন সোলাইমানি। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় তিনি নিহত হন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হামলা চালানো হয়। সে সময় ট্রাম্প বলেছিলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষের মৃত্যুর জন্য সোলাইমানি দায়ী।

নেতানিয়াহুর ভাষণের শুরুতে আরও কয়েক ডজন প্রতিনিধি কক্ষ ত্যাগ করেন। কেউ কেউ দুয়োধ্বনি দেন; অন্যদিকে তার দলের সদস্যরা দাঁড়িয়ে করতালি দেন। পরে কক্ষত্যাগকারীদের 'নৈতিক কাপুরুষ' আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, এমন কেউ এখনও হলে থাকলে যেন বেরিয়ে যান।

ভাষণে ইরানের সরকারকে 'খুনে স্বৈরশাসন' বলে অভিহিত করেন নেতানিয়াহু। তার দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে 'ইহুদিবিদ্বেষী' বলে অভিযুক্ত করে তিনি দাবি করেন, মামদানির নির্বাচিত হওয়ার পর অনেক ইহুদি নগরীতে নিরাপদ বোধ করেন না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে 'স্বৈরশাসক' বলে আখ্যা দিয়ে হামাসকে সমর্থনের অভিযোগও তোলেন তিনি।

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ হয়। খবরে বলা হয়েছে, অভিনেত্রী সুসান সারানডনসহ কয়েকজনকে আটক করা হয়। মার্কিন ভিসা না পাওয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সশরীর উপস্থিত ছিলেন না; নেতানিয়াহুর আগে তাঁর ভিডিও বার্তা প্রচারিত হয়। আগামী ২৭অক্টোবর ইসরায়েলে নির্বাচনের মুখে সংক্ষিপ্ত নিউইয়র্ক সফর শেষে নেতানিয়াহুর দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এমআই/টিএ

মন্তব্য করুন