বিএনপি নেতাকর্মীদের জন্য 'গণভিক্ষা' কর্মসূচির ডাক এনসিপির
ছবি: সংগৃহীত
০১:৫৭ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বিগত ১৭ বছর ধরে বিএনপির কর্মীরা অনাহারী, এমন দাবি করে তাদের জন্য বাংলামোটরে গণভিক্ষা কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ কর্মসূচি পালন করবে তারা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন।
হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি!
ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’
তিনি আরও লিখেছেন, ‘চাঁদাবাজির বিকল্প হিসেবে আজ ‘পুনর্বাসন দানবাক্স’ চালু করা হবে। সেই প্রকল্পের অংশ হিসেবে আজ বিকেল ৪টায় বাংলামোটরে উন্মুক্ত করা হবে বিশেষ দানবাক্স।
দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’
স্থান: বাংলামোটর
সময়: বিকেল ৪টা।’
এদিকে, দুপুরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সারাদেশে যে নৈরাজ্য, দখলবাজি, সন্ত্রাস এবং চাঁদাবাজি করছে, তা চব্বিশের ৫ আগস্ট থেকেই শুরু করেছিল। বিএনপি সরকার নির্বাচিত হয়ে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অভিযোগ করেন, তারা নিজেদের দলীয় নেতাকর্মীদেরই নিয়ন্ত্রণ করতে পারছে না। পাশাপাশি, প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় সারাদেশে এই দখল-বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
নাহিদ আরও বলেন, মিরপুরের রাড্ডা সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, দুই ঘটনাতেই প্রশাসন নিষ্ক্রিয় ছিল।
এসএন