© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবা হলেন জুবিন নটিয়াল

শেয়ার করুন:
বাবা হলেন জুবিন নটিয়াল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৮ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালের জীবনে এসেছে নতুন সুখবর। বাবা হয়েছেন তিনি। ১৪ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সাক্ষাৎকারে সন্তানের জন্মের খবর জানিয়েছেন জুবিন নিজেই।

সংগীতশিল্পী জানিয়েছেন, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। এরই মধ্যে হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন তারা। আপাতত স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে ঘিরেই কাটছে জুবিনের সময়।

ছেলের নাম কী রাখা হবে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। জুবিনের কথায়, এই মুহূর্তে নাম ঠিক করার চেয়ে সন্তানকে ঘিরে প্রতিটি মুহূর্ত উপভোগ করাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। বাবা হওয়ার আনন্দ যে তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে, তার কথাতেই মিলেছে সেই আভাস।

এক সাক্ষাৎকারে জুবিন জানিয়েছেন, এখন এক মুহূর্তের জন্যও ছেলেকে চোখের আড়াল করতে ইচ্ছে করছে না তার। তবে কাজের কারণে খুব শিগগির সন্তানের কাছ থেকে দূরে যেতে হবে তাকে। আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে এই সংগীতশিল্পীর। সেই সফরের কথা ভাবতেই মন খারাপ হচ্ছে তার।




এতদিন গান, মঞ্চ আর দেশ-বিদেশে সফর নিয়েই ব্যস্ত ছিল জুবিনের জীবন। তবে বাবা হওয়ার পর তার অগ্রাধিকার যে কিছুটা বদলে গেছে, তা তার কথাতেই স্পষ্ট। আপাতত কাজের ব্যস্ততার চেয়ে পরিবারের নতুন সদস্যকে সময় দেওয়াই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জুবিনের ব্যক্তিগত জীবন বরাবরই অনেকটা আড়ালে। চলতি বছরের এপ্রিল মাসে উত্তরাখণ্ডে ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেন তিনি। একেবারেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এমনকি বিয়ের খবরও ভক্ত-অনুরাগীরা জানতে পারেন ছবি প্রকাশ্যে আসার পর।

স্ত্রীর নাম বা পেশা নিয়েও প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি জুবিন। বিয়েকে ঘিরে বলিউডের পরিচিত মুখদের নিয়ে বড় কোনো আয়োজন বা নৈশভোজেরও ব্যবস্থা করেননি তারা।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরের সেই গোপনীয়তার মধ্যেই এবার নতুন অধ্যায় শুরু হলো জুবিনের জীবনে। গণেশচতুর্থীর আবহে পুত্রসন্তানের বাবা হওয়ায় তার আনন্দ যেন আরও বেড়ে গেছে। আপাতত গান, মঞ্চ কিংবা সফর নয়-জুবিনের মনজুড়ে পরিবারের নতুন সদস্যকে নিয়ে নানান রঙের চিন্তা-ভাবনা।

এসএন 

মন্তব্য করুন