© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস কমান্ডার নিহত

শেয়ার করুন:
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস কমান্ডার নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৯ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখার এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় হামাসের ওই কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গোষ্ঠী। হামাস বলেছে, নিহত কমান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবরের সেই ঐতিহাসিক হামলার অন্যতম সমন্বয়ক ছিলেন, যে ঘটনাকে কেন্দ্র করে গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু হয়।

ইসরায়েলি সরকার বলেছে, মঙ্গলবার গাজার ইজ আদ-দিন আল-বেইক এলাকায় হামাসের ওই কমান্ডারের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে সামরিক বাহিনী। তিনি নতুন যোদ্ধা নিয়োগ ও একাধিক হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে দাবি করেছে ইসরায়েল। পরবর্তীতে হামাসও তার নিহতের খবর নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্যকর্মীরা বলেছেন, মঙ্গলবার ভোরের দিকে গাজা শহরের নাসর এলাকার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় গুরুতর আহত আরও একজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একই দিন বিকেলে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি চিকিৎসাক্লিনিকের কাছে পরিচালিত অপর এক বিমান হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হন। এতে এক দিনে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ওই এলাকায় এক সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের মাধ্যমে হামাস নতুন করে পুনরায় সংগঠিত হচ্ছে ও হামলা চালাচ্ছে, এমন অভিযোগ তুলে সম্প্রতি গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, চলতি মাসে হামাসের অন্তত ২০ জন শীর্ষস্থানীয় নেতা ও কমান্ডারকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ৭ অক্টোবরের অভিযানে সরাসরি অংশ নেওয়া ব্যক্তি এবং ইসরায়েলি জিম্মিদের আটকে রাখার সঙ্গে জড়িত জ্যেষ্ঠ কমান্ডাররাও রয়েছেন।

তবে নতুন করে হামলা বা অস্ত্র সংগ্রহের অভিযোগ অস্বীকার করেছে হামাস। তাদের পাল্টা দাবি, ইসরায়েল মিথ্যা অজুহাতে গাজা শান্তি চুক্তি নস্যাৎ করার পাঁয়তারা করছে।

সূত্র: রয়টার্স

এমআর/টিএ  


মন্তব্য করুন