© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ দিনেই ১৩৮ কোটি আয়, কোরিয়ায় ‘দ্য অ্যাসাসিনস’-এর ঝড়

শেয়ার করুন:
৫ দিনেই ১৩৮ কোটি আয়, কোরিয়ায় ‘দ্য অ্যাসাসিনস’-এর ঝড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৭ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে চুসক উৎসবের ছুটিতে জমে উঠেছে বক্স অফিস। আর সেই সুযোগে মুক্তির মাত্র পাঁচ দিনেই বড় সাফল্য পেয়েছে ঐতিহাসিক রাজনৈতিক থ্রিলার ‘দ্য অ্যাসাসিনস’। ২৩ সেপ্টেম্বর মুক্তির পর সিনেমাটি এরই মধ্যে প্রায় ১৫ লাখ ৬৬ হাজার দর্শক টেনেছে এবং আয় করেছে ১ কোটি ১২ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩৮ কোটি টাকা।

হুর জিন-হো পরিচালিত সিনেমাটি ১৯৭৪ সালে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট পার্ক চুং-হির ওপর চালানো হত্যাচেষ্টাকে কেন্দ্র করে নির্মিত। ওই হামলায় নিহত হন প্রেসিডেন্টের স্ত্রী ইউক ইয়ং-সু। মুক্তির পর থেকেই সিনেমাটি কোরিয়ার বক্স অফিসে শীর্ষে ছিল এবং প্রথম তিন দিনেই ১০ লাখের বেশি দর্শক প্রেক্ষাগৃহে টেনেছিল।

সিনেমাটির গল্পে একজন গোয়েন্দা, একটি সংবাদপত্রের অভিজ্ঞ সাংবাদিক ও একজন নবীন প্রতিবেদককে দেখা যায়। হত্যাচেষ্টার তদন্ত করতে গিয়ে তারা এমন কিছু সূত্রের সন্ধান পায়, যা ঘটনাটি নিয়ে প্রচলিত সরকারি বয়ানের সঙ্গে প্রশ্ন তৈরি করে। এরপর তদন্ত এগোতে থাকলে সামনে আসে হারিয়ে যাওয়া গুলির প্রমাণ, রাজনৈতিক চাপ এবং ঘটনার আড়ালে থাকা নানা রহস্য।



ইউ হে-জিন, পার্ক হে-ইল ও লি মিন-হো সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পার্ক হে-ইল অভিনয় করেছেন অভিজ্ঞ সাংবাদিকের চরিত্রে। পরিচালক হুর জিন-হো জানিয়েছেন, সিনেমাটির রহস্য-থ্রিলার কাঠামোর মধ্য দিয়ে তিনি ওই সময়ের দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক বাস্তবতাকেও তুলে ধরতে চেয়েছেন।

তবে বক্স অফিস সাফল্যের পাশাপাশি সিনেমাটি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। ঐতিহাসিক ঘটনাকে সিনেমায় উপস্থাপনের ধরন নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রশ্ন উঠেছে। ২৮ সেপ্টেম্বরের পর সিনেমাটির ঐতিহাসিক যথার্থতা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অবশ্য জানিয়েছে, এটি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেখানে ১৯৭৪ সালের ঐতিহাসিক ঘটনাকে বিভিন্ন নথি ও তথ্যের সঙ্গে চলচ্চিত্রের কল্পনা মিলিয়ে পুনর্গঠন করা হয়েছে।

বক্স অফিসে ‘দ্য অ্যাসাসিনস’-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী ‘তাজ্জা ৪: দ্য সং অব বিলজেবুব’। চোই কুক-হি পরিচালিত সিনেমাটি ২৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এটি জনপ্রিয় ‘তাজ্জা’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ও শেষ কিস্তি। ছবির গল্পে সাবেক অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী জ্যাং তে-ইয়ং বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর প্রতিশোধ নিতে আন্তর্জাতিক জুয়ার জগতে ফিরে আসে।

চুসকের ছুটিতে শুরুতে ‘দ্য অ্যাসাসিনস’ বক্স অফিসে এগিয়ে থাকলেও ছুটি শেষে চিত্র কিছুটা বদলেছে। ২৮ সেপ্টেম্বর ‘তাজ্জা ৪’ এক দিনের হিসাবে প্রথমবারের মতো ‘দ্য অ্যাসাসিনস’কে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের তথ্য অনুযায়ী, সেদিন ‘তাজ্জা ৪’ দেখেছেন ৬৮ হাজার ৯১৩ জন, আর ‘দ্য অ্যাসাসিনস’ দেখেছেন ৬৭ হাজার ৪০৬ জন।

তারপরও মুক্তির প্রথম সপ্তাহেই ‘দ্য অ্যাসাসিনস’-এর দর্শকসংখ্যা এবং আয় সিনেমাটিকে দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক বক্স অফিসের আলোচিত ছবিগুলোর একটিতে পরিণত করেছে। ঐতিহাসিক ঘটনা, রাজনৈতিক রহস্য ও অনুসন্ধানী সাংবাদিকতার সমন্বয়ে নির্মিত সিনেমাটি এখন শুধু বক্স অফিস নয়, ইতিহাসকে চলচ্চিত্রে কীভাবে উপস্থাপন করা হচ্ছে সেই বিতর্কেরও কেন্দ্রে রয়েছে।

এসএ/টিএ

মন্তব্য করুন