© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেরুদণ্ড ভেঙে যাওয়ায় নড়াচড়াও করতে পারছেন না অভিনেত্রী নুসরাত

শেয়ার করুন:
মেরুদণ্ড ভেঙে যাওয়ায় নড়াচড়াও করতে পারছেন না অভিনেত্রী নুসরাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৬ পিএম | ০৩ অক্টোবর, ২০২৬
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই ফিরেছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে অবকাশ যাপনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তার মেরুদণ্ডে ফ্র্যাকচার ধরা পড়েছে। আঘাতের কারণে বর্তমানে তিনি নিজে থেকে নড়াচড়াও করতে পারছেন না বলে জানা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) রাতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়। হাসপাতালের সামনে স্ট্রেচারে করে তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় তার মা ও পরিবারের সদস্যরা পাশে ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিগগিরই তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।

নুসরাতের জনসংযোগ টিম এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে অভিনেত্রীর চিকিৎসা ও সুস্থতাই তাদের প্রধান অগ্রাধিকার। তার দ্রুত আরোগ্যের জন্য ভক্তদের শুভকামনার পাশাপাশি সংবাদমাধ্যম ও অনুরাগীদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করা হয়েছে। পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।

দুর্ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই বালি সৈকত থেকে ছবি পোস্ট করেছিলেন নুসরাত। ক্যাপশনে লিখেছিলেন, ‘ছুটির মেজাজে আছি, এবার কোথায় যাওয়া যায়?’

এদিকে দুর্ঘটনার আগে টাইগার শ্রফের সঙ্গে নতুন একটি সিনেমায় কাজের গুঞ্জন চলছিল নুসরাতের। সর্বশেষ তাকে সোহম শাহের বিপরীতে ‘উফফ ইয়ে সিয়াপা’ সিনেমায় দেখা গেছে।

২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ দিয়ে বলিউডে অভিষেক হয় নুসরাতের। পরে ‘লাভ সেক্স অউর ধোঁকা’, ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’সহ একাধিক সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

আরআই/টিএ

মন্তব্য করুন