গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ ৭০ শ্রমিককে উদ্ধার
ছবি: সংগৃহীত
০৫:৪১ পিএম | ০৩ অক্টোবর, ২০২৬
গাজীপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ঘটনায় ভবনের তৃতীয় তলায় আটকে পড়ে অসুস্থ হওয়া ৭০ জন শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এরআগে বিকেল তিনটায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। পরে আরও দুই ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী দেশের একটি গণমাধ্যমকে বলেন, শনিবার (৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। আগুন বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, কারখানার ৮ তলা ভবনের তিন তলায় আগুন লাগে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় এ পর্যন্ত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা ও কারখানার নিজস্ব অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
এমআর/টিএ