৯ মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি
ছবি: সংগৃহীত
০৮:০৫ পিএম | ০৩ অক্টোবর, ২০২৬
দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন তিনি।
মস্তিষ্কের টিউমারে আক্রান্ত অভিনেত্রী। ফেব্রুয়ারিতেই একটি অস্ত্রোপচার করে তানিয়ার টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান। সেখানেও একটি অস্ত্রোপচার হয় অভিনেত্রীর।
চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তানিয়া। সেই থেকে বিশ্রামে আর চিকিৎসায় রয়েছেন তিনি। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। শনিবার (৩ অক্টোবর) বিকেলে এক ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। তিনি জানান, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন তিনি। একই সঙ্গে চিকিৎসা চালিয়ে যাওয়ার কথাও জানান অভিনেত্রী।

লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘এখন আমার কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, চতুর্থ মাসের কেমো চলছে। আরো দুই মাস এটা চলার পর কিছু টেস্ট করা হবে।
সেটার পর ডাক্তার জানাবেন, পরবর্তী চিকিৎসা কী হবে।’ অসুস্থতার কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকলেও এখন আবার কাজে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তানিয়া। তার কথায়, ‘আমার ইচ্ছা আছে। এই মাস থেকেই শুটিং শুরু করতে চাই। কথাবার্তা চলছে। শুটিং শুরু করলে অবশ্যই জানাব।’
তানিয়া আরো বলেন, ‘আমি আসলে নয় মাসের মতো শুটিং করিনি, কারণ আমি অসুস্থ ছিলাম। এখনো আছি, তবে তখন একটু বেশি খারাপ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। এটা চিন্তাভাবনা করে এখন করছি।’
ভক্তদের ভালোবাসা ও সমর্থনের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তানিয়া। তিনি বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট দেন, আমার জন্য অপেক্ষা করেন, তাদের যেটা চাওয়া আমি সেটা করতে চাই। যদি এত মানুষ চান আমি করি, তাহলে আমি অবশ্যই করব।’
লাইভের শেষ দিকে দীর্ঘ সময় পাশে থাকার জন্য দর্শকদের ধন্যবাদ জানান তানিয়া বৃষ্টি। অসুস্থতার সময় যারা তাঁর জন্য দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়ার হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান নির্মিত এই ছবিতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।
এসএ/টিএ