© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের ছবি বিকৃত না করার অনুরোধ ইয়ামি গৌতমের

শেয়ার করুন:
নিজের ছবি বিকৃত না করার অনুরোধ ইয়ামি গৌতমের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ০৪ অক্টোবর, ২০২৬
নিজের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিবর্তন বা অতিরিক্ত সৌন্দর্যবর্ধন না করার অনুরোধ জানিয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গণমাধ্যমের প্রতি এমন আহ্বান জানান।

ইয়ামি বলেন, বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে তোলা তার ছবিগুলো যেন মূল অবস্থাতেই ব্যবহার করা হয়। তার অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো ছবি বা চেহারার পরিবর্তন করা উচিত নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।



অভিনেত্রীর এই বক্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন তারকাদের ছবি ও পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ভুয়া ও আপত্তিকর কনটেন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে। তারকাদের ছবি বিকৃত করে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির ঘটনাও সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে।

সম্প্রতি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ছবি ও পরিচয় ব্যবহার করে তৈরি আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দেয় বোম্বে হাইকোর্ট। এর আগে ‘চুট্টামাল্লে’ গানের দৃশ্য পরিবর্তন করে জাহ্নবী কাপুরকে যৌনভাবে উপস্থাপন করা একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন জুনিয়র এনটিআর ও চিরঞ্জীবী।

এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন ইয়ামি গৌতম। তার নতুন সিনেমা ‘নয়ি নাভেল্লি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তাকে মোহিনী চরিত্রে দেখা যাবে। নতুন বউ হিসেবে একটি পরিবারে আসার পর নানা রহস্য ও প্রশ্নকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

এসএ/টিএ

মন্তব্য করুন