এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না কৌশানি
ছবি: সংগৃহীত
০৫:১৭ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন বিশেষ দিনে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও ভিডিওতেও সম্পর্কের ঘনিষ্ঠতার বিষয়টি স্পষ্ট।
তবে সম্পর্ক দীর্ঘ হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না কৌশানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন এই অভিনেত্রী।
খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে কৌশানির নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবিটির প্রচারে দেওয়া সাক্ষাৎকারে তার কাছে বিয়ের প্রসঙ্গ ওঠে। চলতি বছরের শেষেই বনি সেনগুপ্তের সঙ্গে তার বিয়ে হতে পারে- এমন গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে কৌশানি বলেন, প্রতিটি সম্পর্কের পরিণতি বিয়ে হলেও এখন তিনি যেভাবে আছেন, তাতেই ভালো আছেন। শুধু বয়স বা জৈবিক সময়ের কথা বিবেচনা করে তিনি বিয়ের সিদ্ধান্ত নিতে চান না।

অভিনেত্রীর জানান, ‘প্রত্যেকটা সম্পর্কের পরিণতি হলো বিয়ে। কিন্তু আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিক্যাল ক্লকের জন্য আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।’
বিয়ে নিয়ে পরিবারের সঙ্গেও মাঝেমধ্যে আলোচনা হয় বলে জানান কৌশানি। বিশেষ করে তার বাবা মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের কাছ থেকে বকা খাওয়ার ভয়ে অনেক সময় বিষয়টি নিয়ে আর কথা বাড়ান না তিনি।
মেয়ের ভবিষ্যৎ নিয়ে অন্য বাবাদের মতো কৌশানির বাবারও চিন্তা রয়েছে। তবে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না তিনি।
সব মিলিয়ে চলতি বছরের শেষ দিকে বিয়ের গুঞ্জন থাকলেও আপাতত সেই সম্ভাবনা নাকচই করলেন কৌশানি। তার বক্তব্য, বিয়ের জন্য নির্দিষ্ট সময়ের চেয়ে নিজের মানসিক প্রস্তুতিকেই বেশি গুরুত্ব দেবেন তিনি।
এসএ/টিএ