ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু
ছবি: সংগৃহীত
০৮:৩৫ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) হাজারো সমর্থক। রবিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে এ কর্মসূচি শুরু হয়। প্রদেশটি বর্তমানে ইমরানের দল পরিচালনা করছে।
মিছিলটি কয়েকটি স্থানে বিরতি দিয়ে ইসলামাবাদে পৌঁছানোর পরিকল্পনা করেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। তিনি ইমরানের মুক্তির দাবিতে তরুণসহ দলের সব সমর্থককে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
লংমার্চ ঠেকাতে ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় হাজারো পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ এলাকা ঘিরে ব্যারিকেড হিসেবে বসানো হয়েছে কনটেইনার। সরকার স্পষ্ট জানিয়েছে, মিছিলকারীদের ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না।
এর আগে পিটিআইয়ের দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছিল। তবে খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসবিরোধী নীতি নিয়ে মতবিরোধের জেরে সপ্তাহান্তে আলোচনা ভেস্তে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অভিযোগ করেছেন, পিটিআই সন্ত্রাসবিরোধী নীতিতে সহযোগিতা করতে রাজি হয়নি। তবে দলটি সরকারের এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে।
ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা হলেও অধিকাংশ রায় স্থগিত বা বাতিল হয়েছে। বর্তমানে একটি মামলায় তার সাজা বহাল রয়েছে এবং অন্য মামলাগুলোর আপিল বিচারাধীন।
সূত্র: রয়টার্স
আরআই/টিএ