‘গণবোমা’ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হলো নিরাপত্তা
ছবি: সংগৃহীত
০২:৩৩ এএম | ০৬ অক্টোবর, ২০২৬
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা’ হামালার হুমকির ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই পুলিশ মোতায়েন করা হয়।
একটি ই-মেইল বার্তায় মঙ্গলবার (৬ অক্টোবর) বোমা হামলা হবে-এমন হুমকির পরিপ্রেক্ষিতে এ নিরাপত্তা বাড়ানো হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সেখানে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে।
তিনি আরও জানান, থানা পুলিশের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টির তদন্ত করছে।
এর আগে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হমালার হুমকি দিয়েছে অজ্ঞাত একটি ইমেইল বার্তায়। রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান (TypicalChineseman)’ এক ইমেইল বার্তায় এই হুমকি দেওয়া হয়। ইমেইলে বলা হয়, আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় একাধিক বোমা হামলা হবে।
ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে ইমেইল বার্তায় বলা হয়, আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক বেলা ১১টায় এই হামলা করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমেইলে হুমকি পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠিয়ে সবার সহযোগিতা কামনা করে মেইলটি ফরোয়ার্ড করেছে ব্র্যাক কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বোমা হামলায় হুমকির ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। এই বিষয়ে জানতে চাইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাধিক নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কল রিসিভ করেননি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এটা পোটেনশিয়াল কোনো হুমকি না। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বাড্ডা থানায়। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার টিম।
একেএস/টিএ