কিউ-ক্যাশ আপগ্রেডের কারণে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন বন্ধ
ছবি: সংগৃহীত
০১:১০ পিএম | ০৬ অক্টোবর, ২০২৬
ইলেক্ট্রনিক পেমেন্ট নেটওয়ার্ক কিউ-ক্যাশের সিস্টেম আপগ্রেডের জন্য অন্তত ৩১টি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং আর কার্ড ভিত্তিক সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু হওয়া এই রক্ষণাবেক্ষণ কাজ শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত চলবে। এসময়ে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত কমপক্ষে ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনসহ ডিজিটাল পরিষেবা বিঘ্নিত হচ্ছে।
কোনো কোনো ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেন সেবা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে যেসব ব্যাংকের কিউ–ক্যাশের পাশাপাশি নিজস্ব সুইচ ব্যবস্থা রয়েছে, তারা বিদ্যমান পরিস্থিতিতে কার্ডভিত্তিক লেনদেন সেবা চালিয়ে নিতে পারছে।
তবেযাদের নিজস্ব সুইচ ব্যবস্থা বা বিকল্প ব্যবস্থা নেই, তাদের এটিএমসহ কার্ডভিত্তিক সব ধরনের লেনদেন সেবা বন্ধ রয়েছে। ফলে এসব ব্যাংকের কার্ডধারীদের কেউ এটিএম থেকে যেমন টাকা তুলতে পারছেন না, তেমনি টাকা স্থানান্তর, ই–কমার্স লেনদেন, বিদেশে লেনদেনসহ কোন সেবা পাচ্ছেন না।
এমনকি অনেক প্রতিষ্ঠানের কর্মীরাও কার্ডে ব্যাংক থেকে বেতনের টাকা তুলতে পারছেন না। যেসব ব্যাংকের কার্ড ও ডিজিটাল ভিত্তিক লেনদেন করা যাচ্ছে না, সেগুলো হলো—অগ্রণী ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, বেসিক ব্যাংক, ব্যাংক এশিয়া, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও উত্তরা ব্যাংক।
এদিকে ব্যাংকগুলোর ডিজিটাল লেনদেনে ভোগান্তির বিষয়টি জানতে কিউ-ক্যাশের পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসাল্টেন্টস পিএলসির কোম্পানি সচিব সেলিম পারভেজকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি তিনি।
এসএন